কুরআনের তাফসীর / দারস · সূরা আল-মুলক: আয়াত ১১–২১
সূরা আল-মুলক নোট (আয়াত ১১–২১)
📚 এই সিরিজের অংশ:সূরা আল-মুলক দারসঅংশ ২/৩সূরা আল-মুলকের ১১–২১ আয়াত: না দেখে আল্লাহকে ভয় করার পুরস্কার, গোপন কথাও আল্লাহর জানা, পৃথিবীকে সহজ করে দেওয়া ও রিজিকের মালিক — আয়াত ধরে ধরে আলোচনা।
📑 সূচিপত্র (২২)
- ভূমিকা
- ১১তম আয়াত: অপরাধ স্বীকার করেও কি আর লাভ হবে?
- ১২তম আয়াত: যারা না দেখেও আল্লাহকে ভয় করে, তাদের জন্য কী রয়েছে?
- ১৩তম আয়াত: আমাদের গোপন কথাগুলোও কি আল্লাহ জানেন?
- ১৪তম আয়াত: যিনি সৃষ্টি করেছেন, তিনি কি জানবেন না?
- ১৫তম আয়াত: এই পৃথিবীকে আমাদের জন্য কে সহজ করে দিয়েছেন?
- ১৬তম আয়াত: যে মাটির ওপর দাঁড়িয়ে আছি, সেটিই কি আমাদের গ্রাস করতে পারে?
- ১৭তম আয়াত: আকাশ থেকেও কি বিপদ আসতে পারে?
- ১৮তম আয়াত: আগের জাতিগুলো কি এমন সতর্কবার্তা প্রত্যাখ্যান করেনি?
- ১৯তম আয়াত: আকাশে পাখিগুলোকে কে ধরে রেখেছেন?
- ২০তম আয়াত: আল্লাহ ছাড়া আমাদের সাহায্য করবে কে?
- ২১তম আয়াত: আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেন, তাহলে কে আমাদের রিজিক দেবে?
- এবার ১১–২১ আয়াত একসঙ্গে একটু রিভিশন করে নিই!
- এবার সংযোগগুলো এক নজরে দেখুন!
- তথ্যসূত্র
ভূমিকা
আলহামদুলিল্লাহ! আমরা ইতোমধ্যে সূরা মূলকের প্রথম দশটি আয়াত পড়ে ফেলেছি। আজকে আমরা পরবর্তী এগারোটি আয়াত পড়ব, ইনশাআল্লাহ!
আগের দশটি আয়াতের কথা একটু মনে করুন তো!
আল্লাহ প্রথমে জানালেন, সমস্ত রাজত্ব তাঁর হাতে। জীবন-মৃত্যু সৃষ্টি করেছেন আমাদের পরীক্ষা করার জন্য। এরপর দেখালেন আসমানের নিখুঁত সৃষ্টি, জানালেন সত্য প্রত্যাখ্যানকারীদের ভয়াবহ পরিণতি। আর দশম আয়াতে এসে জাহান্নামবাসীরা আফসোস করে বলল, হায়! যদি আমরা সত্য শুনতাম, যদি বিবেক-বুদ্ধি ব্যবহার করতাম!
কিন্তু এরপর কী হলো?
কেন আল্লাহ ১১তম আয়াতে তাদের অপরাধ স্বীকারের কথা বললেন? তারপর হঠাৎ আল্লাহভীরু বান্দাদের জন্য ক্ষমার সুসংবাদ দিলেন? এরপর আমাদের গোপন কথা, অন্তরের খবর, পৃথিবীর নিরাপত্তা, আকাশের পাখি আর রিজিকের আলোচনা করলেন?
আপাতদৃষ্টিতে কত আলাদা বিষয় মনে হয়, তাই না?
অথচ এই ১১টি আয়াতের মধ্যেও রয়েছে অসাধারণ এক ধারাবাহিকতা! প্রতিটি বিষয় যেন পরের বিষয়টি বোঝার পথ তৈরি করে দিচ্ছে! সেটা কিভাবে সম্ভব?
আসুন, স্বীকৃত তাফসিরের আলোকে বুঝে নিই, আমাদের প্রিয় রব আমাদের কী কী জানাচ্ছেন!
১১তম আয়াত: অপরাধ স্বীকার করেও কি আর লাভ হবে?
فَاعْتَرَفُوا بِذَنْبِهِمْ فَسُحْقًا لِّأَصْحَابِ السَّعِيرِ
অতঃপর তারা নিজেদের অপরাধ স্বীকার করবে। সুতরাং জ্বলন্ত আগুনের অধিবাসীদের জন্য ধ্বংস ও দূরত্ব!
(৬৭:১১, ভাবানুবাদ)
আহা! কী ভয়াবহ পরিণতি!
দশম আয়াতে জাহান্নামবাসীরা আফসোস করেছিল, তারা যদি সত্য শুনত এবং বিবেক-বুদ্ধি ব্যবহার করত, তাহলে তাদের আর এই পরিণতি হতো না।
আর ১১তম আয়াতে এসে তারা নিজেদের অপরাধ স্বীকার করল!
প্রথমে ভুল উপলব্ধি, তারপর সেই ভুল স্বীকার!
কিন্তু বড় আফসোসের বিষয় হলো, সেদিনের এই স্বীকারোক্তি তাদের শাস্তি থেকে মুক্ত করবে না।
তাফসিরে আস-সা'দীতে ব্যাখ্যা করা হয়েছে, এখানে তাদের জন্য আল্লাহর রহমত ও কল্যাণ থেকে দূরে থাকা, ক্ষতি ও দুর্ভাগ্যের কথা জানানো হয়েছে।
একটু ভাবুন তো!
আজ আমরা ভুল করলে তাওবা করতে পারি। নিজের অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি।
কিন্তু সেদিন জাহান্নামে পৌঁছে অপরাধ স্বীকার করলে আর এই সুযোগ থাকবে না!
তাহলে আজই কেন আমরা আল্লাহর কাছে ফিরে আসছি না?
কিন্তু যারা সত্যিই আল্লাহকে ভয় করে, তাদের জন্য কী রয়েছে?
ঠিক পরের আয়াতেই আল্লাহ দিলেন অসাধারণ এক সুসংবাদ!
১২তম আয়াত: যারা না দেখেও আল্লাহকে ভয় করে, তাদের জন্য কী রয়েছে?
إِنَّ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ
নিশ্চয়ই যারা না দেখেও তাদের রবকে ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। (৬৭:১২, ভাবানুবাদ)
সুবহানআল্লাহ!
আগের আয়াতে জাহান্নামবাসীদের ভয়াবহ পরিণতি জানানো হলো।
আর এবার আল্লাহ জানালেন, যারা নিজেদের রবকে ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও বিশাল পুরস্কার!
কী চমৎকার ভারসাম্য!
তাফসিরে আস-সা'দীতে এসেছে, আগের আয়াতগুলোতে দুর্ভাগাদের পরিণতি বর্ণনার পর এখানে সৌভাগ্যবান নেককার বান্দাদের অবস্থা তুলে ধরা হয়েছে।
কিন্তু একটি বিশেষ শব্দ খেয়াল করুন!
بِالْغَيْبِ — বিল গাইব।
অর্থাৎ, যারা আল্লাহকে না দেখেও ভয় করে।
তাফসিরে ইবন কাসীরে ব্যাখ্যা করা হয়েছে, মানুষ যখন আশপাশে থাকে না, কেউ তাকে দেখছে না, তখনও যে বান্দা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকে এবং তাঁর আনুগত্য করে, এখানে তার কথাও বোঝানো হয়েছে।
এবার আমরা একটু নিজেদের জীবন নিয়ে ভাবি!
মানুষের সামনে তো আমরা অনেকেই সুন্দর ব্যবহার করি। কিন্তু যখন একা থাকি?
কেউ দেখছে না, কেউ জানবে না, কেউ কিছু বুঝবেও না, এমন সুযোগেও কি আমরা আল্লাহর নির্দেশ মেনে চলি?
এখানেই তো প্রকৃত তাকওয়ার পরীক্ষা! আর দেখুন, আল্লাহ এমন বান্দাদের জন্য দুটি পুরস্কার ঘোষণা করলেন।
প্রথমে ক্ষমা, তারপর মহাপুরস্কার!
আহা! আমাদের রব কত দয়াময়!
কিন্তু আমরা যখন একা থাকি, তখন আমাদের গোপন কথা কিংবা অন্তরের অবস্থাও কি আল্লাহ জানেন?
ঠিক পরের আয়াতেই এর উত্তর রয়েছে!
১৩তম আয়াত: আমাদের গোপন কথাগুলোও কি আল্লাহ জানেন?
وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوِ اجْهَرُوا بِهِ ۖ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ
তোমরা তোমাদের কথা গোপন করো কিংবা প্রকাশ করো, নিশ্চয়ই তিনি অন্তরের সবকিছু জানেন।
(৬৭:১৩, ভাবানুবাদ)
সুবহানআল্লাহ!
আগের আয়াতে আল্লাহ সেই বান্দাদের প্রশংসা করলেন, যারা না দেখেও তাঁকে ভয় করে।
আর এবার জানালেন, আমাদের কোনো গোপন কথাই তাঁর অজানা নয়!
তাফসিরে আস-সা'দীতে এসেছে, গোপনে বলা কথা হোক কিংবা প্রকাশ্যে, সবই আল্লাহর কাছে জানা। এমনকি মানুষের অন্তরের নিয়ত ও ইচ্ছাও তাঁর জ্ঞানের বাইরে নয়।
একটু ভাবুন তো!
আমরা মানুষের কাছ থেকে কত কিছু লুকিয়ে রাখতে পারি! কিন্তু আল্লাহ?
তিনি তো আমাদের অন্তরের কথাও জানেন!
এই আয়াতটি যেমন আমাদের সতর্ক করে, তেমনি কত প্রশান্তিও দেয়!
কারণ, মানুষ হয়তো আমার কষ্ট বুঝল না। আমার চোখের পানি কেউ দেখল না। আমার ভালো নিয়তটাও হয়তো কেউ জানল না। কিন্তু আমার রব তো সবই ঠিকই জানেন!
তবে মনে রাখবেন, যিনি আমাদের অব্যক্ত কষ্ট জানেন, তিনিই কিন্তু আমাদের গোপন অন্যায়গুলোও জানেন!
কিন্তু আল্লাহ কীভাবে আমাদের অন্তরের এত গভীর বিষয়ও জানেন?
পরের আয়াতেই রয়েছে এর অসাধারণ উত্তর!
১৪তম আয়াত: যিনি সৃষ্টি করেছেন, তিনি কি জানবেন না?
أَلَا يَعْلَمُ مَنْ خَلَقَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ
যিনি সৃষ্টি করেছেন, তিনি কি জানবেন না? অথচ তিনি সূক্ষ্মদর্শী, সবকিছু সম্পর্কে সম্যক অবগত।
(৬৭:১৪, ভাবানুবাদ)
আল্লাহু আকবার!
১৩তম আয়াতে আল্লাহ জানালেন, তিনি আমাদের অন্তরের সবকিছু জানেন।
আর ১৪তম আয়াতে যেন আমাদের বিবেককে প্রশ্ন করলেন!
যিনি নিজেই সৃষ্টি করেছেন, তিনি কি তাঁর সৃষ্টি সম্পর্কে জানবেন না?
এখানে আল্লাহর দুটি সুন্দর নামও এসেছে।
আল-লাতীফ (اللَّطِيفُ) — যাঁর জ্ঞান অতি সূক্ষ্ম বিষয় পর্যন্ত পৌঁছে যায়; যিনি বান্দার প্রতি সূক্ষ্মভাবে অনুগ্রহ করেন।
আল-খবীর (الْخَبِيرُ) — যিনি সবকিছুর প্রকৃত অবস্থা সম্পর্কে পূর্ণ অবগত।
আহা! একটু ভাবুন!
আমার নিজের মনের অবস্থাই তো আমি অনেক সময় ঠিকমতো বুঝতে পারি না!
কেন মন খারাপ, কেন এত অস্থির লাগছে, কীভাবে এই পরিস্থিতি থেকে বের হব, সব সময় কি আমরা বুঝতে পারি?
অথচ যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার সবকিছুই জানেন!
তাহলে তাঁর কাছে নিজের মনের কথাগুলো খুলে বলতে সংকোচ কেন?
আবার তাঁর নির্দেশ অমান্য করার সময় নিজেকে আড়াল করার চেষ্টাই বা কেন?
কিন্তু খেয়াল করুন, আল্লাহ শুধু আমাদের সৃষ্টি করেই ছেড়ে দেননি।
আমাদের বসবাসের জন্য সুন্দর একটি পৃথিবীও প্রস্তুত করে দিয়েছেন!
ঠিক পরের আয়াতেই সেই নিয়ামতের কথা জানালেন!
১৫তম আয়াত: এই পৃথিবীকে আমাদের জন্য কে সহজ করে দিয়েছেন?
هُوَ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ ذَلُولًا فَامْشُوا فِي مَنَاكِبِهَا وَكُلُوا مِن رِّزْقِهِ ۖ وَإِلَيْهِ النُّشُورُ
তিনিই তোমাদের জন্য পৃথিবীকে অনুগত করে দিয়েছেন। সুতরাং তোমরা এর বিভিন্ন অঞ্চলে বিচরণ করো এবং তাঁর দেওয়া রিজিক থেকে আহার করো। আর তাঁর কাছেই তোমাদের পুনরুত্থান। (৬৭:১৫, ভাবানুবাদ)
সুবহানআল্লাহ!
আগের আয়াতে আল্লাহ জানালেন, তিনিই আমাদের স্রষ্টা।
আর এবার সেই স্রষ্টা আমাদের জন্য পৃথিবীকে কত উপযোগী করে দিয়েছেন, তা স্মরণ করিয়ে দিলেন!
তাফসিরে ইবন কাসীরে এসেছে, আল্লাহ পৃথিবীকে মানুষের বসবাস, চলাচল, চাষাবাদ ও জীবিকা অর্জনের উপযোগী করেছেন।
এখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।
প্রথমত, পৃথিবীতে চলাফেরা করো, কাজ করো, জীবিকার চেষ্টা করো।
দ্বিতীয়ত, মনে রেখো, তোমরা যে রিজিক পাচ্ছ, তা আসলে আল্লাহরই দেওয়া!
আমরা প্রতিদিন কত পরিশ্রম করি! পড়াশোনা, চাকরি, ব্যবসা, সংসার ইত্যাদি ইত্যাদি কত ব্যস্ততা!
কিন্তু এই যে কাজ করার সুযোগ, চলাফেরার সামর্থ্য, খাবারের ব্যবস্থা, এসব কে দিয়েছেন?
আমাদের রব!
তাফসিরে ইবন কাসীরে এই আয়াতের আলোচনায় এসেছে, জীবিকা অর্জনের চেষ্টা করা আল্লাহর ওপর তাওয়াক্কুলের পরিপন্থী নয়।
অর্থাৎ, আমরা চেষ্টা করব, কিন্তু রিজিকের প্রকৃত মালিক যে আল্লাহ, সেটাও মনে রাখব।
আর শেষ অংশটি খেয়াল করুন!
وَإِلَيْهِ النُّشُورُ
আর তাঁর কাছেই তোমাদের পুনরুত্থান!
আল্লাহ আমাদের রিজিক উপার্জন করতে বললেন। কিন্তু সঙ্গে সঙ্গে মনে করিয়ে দিলেন, একদিন তাঁর কাছেই ফিরে যেতে হবে!
অর্থাৎ, জীবিকার জন্য দুনিয়ায় ছুটব, কিন্তু এই দুনিয়ার জীবিকা অর্জন করতে গিয়ে আসল আখিরাতকেই ভুলে যাব না!
যে পৃথিবীর বুকে আমরা এত নিশ্চিন্তে চলাফেরা করছি, সেটি কি চিরকাল আমাদের জন্য নিরাপদ থাকবে?
ঠিক পরের আয়াতেই আল্লাহ আমাদের সেই প্রশ্নের মুখোমুখি করলেন!
১৬তম আয়াত: যে মাটির ওপর দাঁড়িয়ে আছি, সেটিই কি আমাদের গ্রাস করতে পারে?
أَأَمِنتُم مَّن فِي السَّمَاءِ أَن يَخْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ
তোমরা কি আসমানে যিনি রয়েছেন, তাঁর ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেছ যে, তিনি তোমাদেরসহ জমিনকে ধসিয়ে দেবেন না? তখন তা প্রচণ্ডভাবে কাঁপতে থাকবে!
(৬৭:১৬, ভাবানুবাদ)
আল্লাহু আকবার!
১৫তম আয়াতে আল্লাহ বললেন, তিনিই পৃথিবীকে আমাদের চলাফেরার উপযোগী করেছেন।
আর ১৬তম আয়াতে জানালেন, তিনি চাইলে সেই পৃথিবীকেই আমাদের নিচ থেকে ধসিয়ে দিতে পারেন!
কী গভীর সম্পর্ক!
যে মাটি আল্লাহ আমাদের জন্য নিরাপদ করেছেন, সেই মাটির নিরাপত্তাও তো তাঁরই হাতে!
তাফসিরে আস-সা'দীতে এসেছে, এখানে অবাধ্যতায় অটল থাকা মানুষদের সতর্ক করা হয়েছে। আল্লাহ চাইলে জমিনকে এমনভাবে প্রকম্পিত করতে পারেন, যাতে মানুষ ধ্বংস হয়ে যায়। যারা অবাধ্যয় হয়ে জমিনে চলছে, তারা ভুলে যাচ্ছে যে আল্লাহর হুকুমে এই জমিন একদিন তাদের গ্রাস করতে পারে।
একটু ভাবুন তো!
আমরা কত নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি! কত পরিকল্পনা করি আগামী দিনের!
অথচ যে মাটির ওপর আমাদের বাড়ি, বিছানা, সমস্ত আয়োজন, সেই মাটিকেই স্থিতিশীল রেখেছেন আল্লাহ!
তিনি চাইলে মুহূর্তেই সবকিছু বদলে দিতে পারেন।
তাহলে আমাদের এত অহংকার কিসের?
অবশ্য এই আয়াত থেকে পৃথিবীর প্রত্যেকটি ভূমিকম্প বা দুর্যোগকে নির্দিষ্ট মানুষের পাপের শাস্তি বলে দাবি করার সুযোগ নেই।
এখানে আমাদের শিক্ষা হলো, নিজেদের নিরাপত্তাকে কখনো আল্লাহ থেকে স্বাধীন কিছু মনে করা যাবে না!
কিন্তু বিপদ কি শুধু মাটির নিচ থেকেই আসতে পারে? উপর থেকেও তো আসতে পারে?
আল্লাহ পরের আয়াতে আমাদের দৃষ্টি আকাশের দিকে ফেরালেন!
১৭তম আয়াত: আকাশ থেকেও কি বিপদ আসতে পারে?
أَمْ أَمِنتُم مَّن فِي السَّمَاءِ أَن يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا ۖ فَسَتَعْلَمُونَ كَيْفَ نَذِيرِ
অথবা তোমরা কি নিশ্চিন্ত হয়ে গেছ যে, আসমানে যিনি রয়েছেন, তিনি তোমাদের ওপর পাথরবাহী ঝড় পাঠাবেন না? তখন তোমরা জানতে পারবে, কেমন ছিল আমার সতর্কবাণী!
(৬৭:১৭, ভাবানুবাদ)
১৬তম আয়াতে জমিন ধসে যাওয়ার আশঙ্কার কথা জানালেন।
আর ১৭তম আয়াতে আকাশ থেকে শাস্তি আসার কথা বললেন!
তাফসিরে ইবন কাসীরে এখানে 'হাসিব' বলতে কঙ্কর-পাথরবাহী প্রবল ঝড়ের কথা ব্যাখ্যা করা হয়েছে।
একটু ভাবুন তো!
আকাশ থেকে বৃষ্টি নামে, বাতাস আসে, কত কল্যাণ পাই!
কিন্তু সেই আকাশ থেকে আল্লাহ চাইলে শাস্তিও পাঠাতে পারেন! অর্থাৎ, আসমান ও জমিন— এই দুটিই তাঁর নিয়ন্ত্রণে। আমরা যেন গাফেল হয়ে না যাই।
আর আয়াতের শেষ অংশটিও কত গভীর!
فَسَتَعْلَمُونَ كَيْفَ نَذِيرِ
তখন তোমরা জানতে পারবে, কেমন ছিল আমার সতর্কবাণী!
আহা! সুবহানআল্লাহ!
আজ আমাদের সতর্ক করা হচ্ছে, যেন শাস্তি প্রত্যক্ষ করার আগেই আমরা নিজেদের সংশোধন করে নিই।
কিন্তু এর আগে কি কখনো মানুষ এমন সতর্কবার্তা অস্বীকার করে শাস্তির মুখোমুখি হয়নি?
পরের আয়াতে আল্লাহ সেই ইতিহাস স্মরণ করিয়ে দিলেন!
১৮তম আয়াত: আগের জাতিগুলো কি এমন সতর্কবার্তা প্রত্যাখ্যান করেনি?
وَلَقَدْ كَذَّبَ الَّذِينَ مِن قَبْلِهِمْ فَكَيْفَ كَانَ نَكِيرِ
আর নিশ্চয়ই তাদের পূর্ববর্তীরাও সত্য অস্বীকার করেছিল। অতঃপর কেমন হয়েছিল আমার শাস্তি!
(৬৭:১৮, ভাবানুবাদ)
সুবহানআল্লাহ!
আগের দুই আয়াতে আল্লাহ জমিন ও আকাশ থেকে শাস্তি পাঠানোর ক্ষমতার কথা জানালেন।
আর এবার স্মরণ করিয়ে দিলেন, অতীতেও সত্য প্রত্যাখ্যানকারী জাতিগুলো আল্লাহর শাস্তির মুখোমুখি হয়েছিল!
তাফসিরে ইবন কাসীরে এখানে পূর্ববর্তী অবাধ্য জাতিগুলোর পরিণতির কথা ব্যাখ্যা করা হয়েছে।
আমরা কুরআনে কত জাতির ঘটনা পড়ি!
নূহ (আ.)-এর জাতি, আদ, সামূদ—তারা সবাই আমাদের সামনে ইতিহাসের শিক্ষা হয়ে রয়েছে।
এগুলো কি শুধুই অতীতের কিছু ঘটনা?
না!
যেন আমরা আগের মানুষদের ভুল থেকে শিক্ষা নিতে পারি!
কিন্তু খেয়াল করুন, এতক্ষণ আল্লাহ তাঁর শাস্তি দেওয়ার ক্ষমতার কথা বললেন।
এবার সেই ক্ষমতার আরেকটি দিক দেখালেন। তিনিই তাঁর সৃষ্টিকে আশ্চর্য সুন্দর ব্যবস্থায় ধরে রেখেছেন! রিজিক দিচ্ছেন। আদর যত্ন নিয়ে টেক কেয়ার করে দিচ্ছেন।
ঠিক পরের আয়াতে দেখুন!
১৯তম আয়াত: আকাশে পাখিগুলোকে কে ধরে রেখেছেন?
أَوَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَافَّاتٍ وَيَقْبِضْنَ ۚ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَٰنُ ۚ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ بَصِيرٌ
তারা কি তাদের ওপরে পাখিগুলোর দিকে তাকায় না, যারা ডানা মেলে এবং গুটিয়ে নেয়?
পরম করুণাময় ছাড়া আর কেউ তাদের ধরে রাখে না। নিশ্চয়ই তিনি সবকিছু দেখেন।
(৬৭:১৯, ভাবানুবাদ)
সুবহানআল্লাহ!
কত সুন্দর একটি দৃশ্য!
পাখিগুলো আকাশে উড়ছে! কখনো ডানা মেলে দিচ্ছে, কখনো গুটিয়ে নিচ্ছে!
আমরা তো প্রায় নিত্যদিন এই দৃশ্য দেখি। কিন্তু কখনো কি গভীরভাবে ভেবেছি?
তাফসিরে আস-সা'দীতে ব্যাখ্যা করা হয়েছে, আল্লাহ পাখিদের এমনভাবে সৃষ্টি করেছেন এবং বাতাসকে এমনভাবে তাদের অনুকূল করেছেন, যেন তারা আকাশে উড়তে পারে।
খেয়াল করুন!
আগের আয়াতগুলোতে আকাশ থেকে শাস্তি আসার ক্ষমতার কথা স্মরণ করিয়ে দেওয়া হলো। আর এবার সেই আকাশেই পাখিদের উড়ে বেড়ানোর দৃশ্য দেখানো হলো!
একদিকে আল্লাহর ক্ষমতার ভয়াবহতা, অন্যদিকে তাঁর সৃষ্টির অপূর্ব ব্যবস্থা!
আর এখানে আল্লাহ নিজের যে নামটি ব্যবহার করলেন, সেটি খেয়াল করুন!
الرَّحْمَٰنُ — আর-রহমান!
পরম করুণাময়!
আহা! কী সুন্দর!
পাখিগুলোর উড়ার ব্যবস্থা যিনি করেছেন, তিনিই আর-রহমান!
আমাদেরও তো সেই রহমানই সৃষ্টি করেছেন। আমাদের চলাফেরা, শ্বাসপ্রশ্বাস, জীবিকা ইত্যদি সবকিছুর ব্যবস্থাও তাঁরই অধীনে!
তাহলে আমরা কেন তাঁর ওপর ভরসা করতে ভুলে যাই?
যিনি আকাশে পাখিদের ধরে রেখেছেন, তাঁর সাহায্য ছাড়া আমাদের আর কে রক্ষা করবে বলুন?
২০তম আয়াত: আল্লাহ ছাড়া আমাদের সাহায্য করবে কে?
أَمَّنْ هَٰذَا الَّذِي هُوَ جُندٌ لَّكُمْ يَنصُرُكُم مِّن دُونِ الرَّحْمَٰنِ ۚ إِنِ الْكَافِرُونَ إِلَّا فِي غُرُورٍ
অথবা এমন কে আছে, যে পরম করুণাময় ছাড়া তোমাদের সৈন্যবাহিনী হয়ে তোমাদের সাহায্য করবে? অবিশ্বাসীরা তো কেবল আত্মপ্রবঞ্চনার মধ্যে রয়েছে। (৬৭:২০, ভাবানুবাদ)
আল্লাহু আকবার!
১৯তম আয়াতে আল্লাহ জানালেন, আকাশে পাখিদের ধরে রেখেছেন আর-রহমান।
আর ২০তম আয়াতে প্রশ্ন করলেন, সেই আর-রহমান ছাড়া তোমাদের সাহায্য করার মতো কে আছে?
তাফসিরে ইবন কাসীরে ব্যাখ্যা করা হয়েছে, আল্লাহ যদি শাস্তি পাঠাতে চান, তাহলে কোনো বাহিনীই তা থেকে মানুষকে রক্ষা করতে পারবে না।
একটু আমাদের জীবনের দিকেও তাকাই! আমরা কত কিছুর ওপর নির্ভর করি!
অর্থসম্পদ, পরিচিত মানুষ, নিজের যোগ্যতা, সামাজিক অবস্থান!
এসবের প্রয়োজনীয়তা ও উপকারিতা অবশ্যই রয়েছে। আমরা বৈধ উপায় অবলম্বন করব, মানুষের সাহায্যও নেব।
কিন্তু এসবের কোনোটিই আল্লাহর ক্ষমতার বাইরে স্বাধীনভাবে আমাদের রক্ষা করতে পারে না!
প্রকৃত সাহায্যকারী তো আল্লাহই!
আর আয়াতের শেষে জানানো হলো, অবিশ্বাসীরা আত্মপ্রবঞ্চনার মধ্যে রয়েছে।
কারণ তারা এমন কিছুর ওপর চূড়ান্ত ভরসা করছে, যা আল্লাহর সাহায্য ছাড়া তাদের রক্ষা করতে পারবে না!
তাহলে শুধু বিপদ থেকে রক্ষাই নয়, আমাদের প্রতিদিনের খাবার ও জীবিকার ব্যবস্থাও আসলে কার হাতে?
পরের আয়াতে আল্লাহ সেই প্রশ্নটিই করলেন!
২১তম আয়াত: আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেন, তাহলে কে আমাদের রিজিক দেবে?
أَمَّنْ هَٰذَا الَّذِي يَرْزُقُكُمْ إِنْ أَمْسَكَ رِزْقَهُ ۚ بَل لَّجُّوا فِي عُتُوٍّ وَنُفُورٍ
অথবা এমন কে আছে, যে তোমাদের রিজিক দেবে, যদি তিনি তাঁর রিজিক বন্ধ করে দেন? বরং তারা অবাধ্যতা ও সত্য থেকে বিমুখতায় অটল রয়েছে। (৬৭:২১, ভাবানুবাদ)
সুবহানআল্লাহ! কী গভীর একটি প্রশ্ন!
২০তম আয়াতে আল্লাহ জিজ্ঞেস করলেন, তাঁর সাহায্য ছাড়া আর কে আমাদের রক্ষা করবে?
আর ২১তম আয়াতে জিজ্ঞেস করলেন, তিনি রিজিক বন্ধ করে দিলে কে আমাদের রিজিক দেবে?
প্রথমে নিরাপত্তার প্রশ্ন, তারপর জীবিকার প্রশ্ন!
তাফসিরে আস-সা'দীতে এসেছে, সমস্ত রিজিক আল্লাহর পক্ষ থেকেই আসে। তিনি যদি তা বন্ধ করে দেন, তাহলে কোনো সৃষ্টিই নিজের ক্ষমতায় সেই রিজিক সরবরাহ করতে পারে না।
একটু ভাবুন তো!
আমরা বাজারে যাই, খাবার কিনি, রান্না করি, উপার্জন করি।
কিন্তু যে জমিতে ফসল হয়, যে বৃষ্টি ফসলকে বাঁচিয়ে রাখে, যে সামর্থ্য দিয়ে আমরা কাজ করি — এসবের মূল ব্যবস্থাই তো আল্লাহর দেওয়া!
আমরা শুধু উপায় অবলম্বন করি। ফলাফল আসে আল্লাহর ইচ্ছায়।
কিন্তু আয়াতের শেষ অংশটি খেয়াল করুন!
এত নিদর্শন ও সতর্কবার্তার পরও অবিশ্বাসীরা অবাধ্যতা এবং সত্য থেকে বিমুখতায় অটল রয়েছে!
আহা! কী আফসোস!
তাদের সামনে আল্লাহর ক্ষমতার এত নিদর্শন, এত নিয়ামত, এত সতর্কবাণী!
তবুও তারা সত্য গ্রহণ করতে চায় না! আর আমরা? এত নিদর্শন, এত নিয়ামত, এত সতর্কবাণীর পরেও কি আমরা গাফেল থাকবো?
আমরা কি কখনো আল্লাহর দেওয়া নিয়ামতগুলো ভোগ করতে করতে মূল নিয়ামতদাতাকেই ভুলে যাই?
রিজিক পেয়ে নিজেদের যোগ্যতা নিয়ে গর্ব করি, অথচ রিজিকদাতার প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলে যাই?
আল্লাহ যেন আমাদের এমন অকৃতজ্ঞ ও অহংকারী অন্তর থেকে রক্ষা করেন!
এবার ১১–২১ আয়াত একসঙ্গে একটু রিভিশন করে নিই!
১১: জাহান্নামবাসীরা নিজেদের অপরাধ স্বীকার করবে, কিন্তু সেদিনের স্বীকারোক্তি তাদের রক্ষা করবে না।
১২: যারা না দেখেও আল্লাহকে ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার।
১৩: আমাদের গোপন ও প্রকাশ্য সব কথা, এমনকি অন্তরের বিষয়ও আল্লাহ জানেন।
১৪: যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের সবকিছু সম্পর্কে সম্যক অবগত।
১৫: তিনিই পৃথিবীকে আমাদের জন্য চলাফেরা ও জীবিকার উপযোগী করেছেন। একদিন তাঁর কাছেই পুনরুত্থিত হতে হবে।
১৬: যে পৃথিবীতে আমরা নিরাপদে বসবাস করি, আল্লাহ চাইলে সেই জমিনকেই ধসিয়ে দিতে পারেন।
১৭: আকাশ থেকেও তিনি শাস্তি পাঠাতে সক্ষম।
১৮: পূর্ববর্তী সত্য প্রত্যাখ্যানকারী জাতিগুলোর পরিণতি আমাদের জন্য সতর্কবার্তা।
১৯: আকাশে পাখিদের উড়ার অসাধারণ ব্যবস্থা করেছেন পরম করুণাময় আল্লাহ।
২০: আল্লাহর সাহায্য ছাড়া কোনো বাহিনীই আমাদের রক্ষা করতে পারবে না।
২১: আল্লাহ রিজিক বন্ধ করে দিলে অন্য কেউ স্বাধীনভাবে তা সরবরাহ করতে পারবে না। অথচ অবাধ্যরা সত্য থেকে মুখ ফিরিয়ে রাখে।
এবার সংযোগগুলো এক নজরে দেখুন!
(১০) জাহান্নামবাসীরা কী আফসোস করবে? যদি সত্য শুনতাম ও বিবেক-বুদ্ধি ব্যবহার করতাম!
→ (১১) তারপর কী করবে? নিজেদের অপরাধ স্বীকার করবে।
→ (১২) আর যারা আল্লাহকে ভয় করে? তাদের জন্য ক্ষমা ও মহাপুরস্কার!
→ (১৩) গোপনে আল্লাহকে ভয় করার প্রয়োজন কেন? তিনি সব গোপন কথাও জানেন।
→ (১৪) তিনি সবকিছু জানেন কীভাবে? তিনিই তো স্রষ্টা!
→ (১৫) সেই স্রষ্টা আমাদের জন্য কী করেছেন? পৃথিবীকে বসবাস ও জীবিকার উপযোগী করেছেন।
→ (১৬) সেই পৃথিবী কি নিজে নিজেই নিরাপদ? না, আল্লাহ চাইলে জমিনকেই ধসিয়ে দিতে পারেন।
→ (১৭) শুধু জমিন থেকেই বিপদ আসতে পারে? না, আকাশ থেকেও শাস্তি আসতে পারে।
→ (১৮) এমন সতর্কবার্তা কি আগেও দেওয়া হয়েছিল? হ্যাঁ, পূর্ববর্তী জাতিগুলো সত্য অস্বীকার করে শাস্তি পেয়েছিল।
→ (১৯) আল্লাহর ক্ষমতার আর কী নিদর্শন রয়েছে? আকাশে পাখিদের উড়ার অপূর্ব ব্যবস্থা।
→ (২০) সেই আল্লাহ ছাড়া আমাদের কে রক্ষা করবে? কেউই রক্ষা করতে পারবে না!
→ (২১) আর তিনি রিজিক বন্ধ করে দিলে কে দেবে? কেউই নয়! তবুও অবাধ্যরা সত্য থেকে মুখ ফিরিয়ে রাখে।
মাত্র এগারোটি আয়াত! অথচ কী অপূর্ব হৃদয় জাগানো শিক্ষা!
একবার পুরো আলোচনাটি নিয়ে ভাবুন তো!
প্রথমে জাহান্নামবাসীর অপরাধ স্বীকার করবয়ে। তারপর আল্লাহভীরু বান্দাদের জন্য সুসংবাদ। এরপর আল্লাহর সর্বব্যাপী জ্ঞান। তারপর তাঁর সৃষ্টি, পৃথিবীর নিয়ামত, নিরাপত্তা, শাস্তি দেওয়ার ক্ষমতা, পাখিদের উড়ার ব্যবস্থা এবং সবশেষে আমাদের সাহায্য ও রিজিকের কথা!
আল্লাহ কতভাবে আমাদের বোঝাচ্ছেন! আল্লাহ কতভাবে আপনার অন্তর নরম করার প্রেরণা দিচ্ছেন!
যে রব আমাদের অন্তরের খবর জানেন, তিনিই আমাদের পায়ের নিচের মাটিকে স্থির রেখেছেন। মাথার ওপর আকাশকে নিয়ন্ত্রণ করছেন। পাখিদের উড়ার ব্যবস্থা করেছেন। আমাদের রিজিক দিচ্ছেন, বিপদ থেকে রক্ষা করছেন!
অথচ আমরা সেই রবকেই কত সহজে ভুলে যাই!
আমরা অনেক সময় নিজেদের সমস্যাগুলোকে এত বড় করে দেখি যে, আল্লাহর অসীম ক্ষমতার কথা মনে রাখি না!
কখনো রিজিকের চিন্তায় অস্থির হয়ে পড়ি, কখনো ভবিষ্যতের ভয়, কখনো মানুষের ওপর অতিরিক্ত নির্ভরতা!
অথচ সূরা মূলক আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছে, সব ক্ষমতা, সব নিয়ন্ত্রণ, সব রিজিকের প্রকৃত মালিক একমাত্র আল্লাহ!
তাই আসুন, তাঁর ওপর ভরসা করি, তাঁর দেওয়া নিয়ামতের কৃতজ্ঞতা জানাই। একান্ত নির্জনেও তাঁর নির্দেশ মেনে চলার চেষ্টা করি।
আল্লাহ আমাদের এমন বান্দাদের অন্তর্ভুক্ত করুন, যারা তাঁকে না দেখেও ভয় করে, গোপনে ও প্রকাশ্যে তাঁর আনুগত্য করে এবং তাঁর দেওয়া প্রতিটি নিয়ামতে কৃতজ্ঞ থাকে।
আমাদের অন্তরগুলোকে সত্য গ্রহণের জন্য বিনয়ী করে দিন। আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন। দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা দান করুন।
আমীন, ইয়া রব্বাল আলামীন।
তথ্যসূত্র
১. আল-কুরআনুল কারীম: সূরা আল-মুলক (৬৭:১১–২১)।
২. তাফসির ইবন কাসীর: (৬৭:১১–১২)—অপরাধ স্বীকার ও গোপনে আল্লাহভীতি; (৬৭:১৩–১৫)—আল্লাহর জ্ঞান, সৃষ্টির নিয়ামত ও রিজিকের চেষ্টা; (৬৭:১৬–১৮)—শাস্তির সতর্কবার্তা ও পূর্ববর্তী জাতিগুলোর পরিণতি; (৬৭:১৯–২১)—পাখিদের উড়ার ব্যবস্থা, আল্লাহর সাহায্য ও রিজিকের মালিকানা।
৩. তাফসির আস-সা'দী: (৬৭:১১–১২)—জাহান্নামবাসীর দুর্ভাগ্য এবং আল্লাহভীরু বান্দাদের পুরস্কার; (৬৭:১৩–১৪)—অন্তরের গোপন বিষয় সম্পর্কে আল্লাহর জ্ঞান; (৬৭:১৫–১৮)—পৃথিবীর নিয়ামত, পুনরুত্থান ও শাস্তির সতর্কতা; (৬৭:১৯–২১)—পাখিদের উড়ার ব্যবস্থা এবং সাহায্য ও রিজিকের জন্য আল্লাহর ওপর নির্ভরতা।
৪. তাফসির আত-তাহরীর ওয়াত-তানবীর, ইবন আশূর: (৬৭:১৯)—পাখিদের উড়ার বিস্ময়কর ব্যবস্থা এবং সৃষ্টিজগতে আল্লাহর একক কর্তৃত্বের নিদর্শন।
৫. সহায়ক কুরআনিক রেফারেন্স: সূরা আন-নাহল (১৬:৭৯)—আকাশে পাখিদের উড়ার ব্যবস্থা ও আল্লাহর ক্ষমতার নিদর্শন।
দ্রষ্টব্য: আয়াতের অনুবাদগুলো সহজবোধ্য ভাবানুবাদ। ব্যাখ্যার মূল বিষয়গুলো স্বীকৃত তাফসির অনুসারে লেখা হয়েছে। আয়াতগুলোর পারস্পরিক সংযোগ নাজম ও মুনাসাবার আলোকে পাঠকবান্ধবভাবে সাজানো হয়েছে। প্রতিটি সংযোগই তাফসিরকারদের সরাসরি বক্তব্য, এমন দাবি করা হচ্ছে না। আল্লাহই সবচেয়ে ভালো জানেন।
তাফসির যাচাইয়ের সরাসরি সূত্র:
মন্তব্য
আরও পড়ুন
সূরা আল-মুলক নোট (আয়াত ১–১০)
সূরা আল-মুলকের প্রথম ১০ আয়াত: সবকিছুর মালিক কে, জীবন-মৃত্যু সৃষ্টির উদ্দেশ্য, সৃষ্টির নিখুঁততা আর অস্বীকারকারীদের পরিণতি — আয়াত ধরে ধরে আলোচনা ও রিভিশন।
MD MAYEEN UDDIN👁 ০সূরা আল-মুলক নোট (আয়াত ২২–৩০)
সূরা আল-মুলকের শেষ ৯ আয়াত: কে সঠিক পথে, কান-চোখ-অন্তরের নিয়ামত, কিয়ামতের জ্ঞান, ঈমান ও তাওয়াক্কুল এবং পানির মালিকানা — আয়াত ধরে ধরে আলোচনা।
MD MAYEEN UDDIN👁 ০সূরা আল-লাহাব ও সূরা আল-ইখলাস নোট
সূরা আল-লাহাব ও সূরা আল-ইখলাস: নবীজির ﷺ চাচা আবু লাহাবের পরিণতি থেকে শিক্ষা, আর তাওহীদের সবচেয়ে সংক্ষিপ্ত ও পূর্ণ ঘোষণা — আয়াত ধরে ধরে আলোচনা।
MD MAYEEN UDDIN👁 ৯সূরা আল-ফাতিহা নোট
সূরা আল-ফাতিহার সাতটি আয়াতের সহজ ব্যাখ্যা — রবের দয়া, প্রতিপালন ও বিচার দিবসের মালিকানা, আর সরল পথের দোয়া; সাথে আয়াতগুলোর ধারাবাহিকতা ও পরের সূরার সাথে সম্পর্ক।
MD MAYEEN UDDIN👁 ১