কুরআনের তাফসীর / দারস · সূরা আল-মুলক: আয়াত ১–১০

সূরা আল-মুলক নোট (আয়াত ১–১০)

MD MAYEEN UDDINMD MAYEEN UDDINতাফসীরকারকের পরিচিতি ↗১২ নভেম্বর, ২০২৬⏱ ১৪ মিনিটে পড়া👁 ০
📚 এই সিরিজের অংশ:সূরা আল-মুলক দারসঅংশ ১/৩

সূরা আল-মুলকের প্রথম ১০ আয়াত: সবকিছুর মালিক কে, জীবন-মৃত্যু সৃষ্টির উদ্দেশ্য, সৃষ্টির নিখুঁততা আর অস্বীকারকারীদের পরিণতি — আয়াত ধরে ধরে আলোচনা ও রিভিশন।

📑 সূচিপত্র (১৩)
  1. ভূমিকা
  2. প্রথম আয়াত: সবকিছুর মালিক আসলে কে?
  3. দ্বিতীয় আয়াত: আল্লাহ আমাদের জীবন ও মৃত্যু কেন সৃষ্টি করলেন?
  4. তৃতীয় আয়াত: সেই ক্ষমতাময় রবের সৃষ্টি কত নিখুঁত?
  5. চতুর্থ আয়াত: একবার নয়, বারবার তাকিয়ে দেখো!
  6. পঞ্চম আয়াত: আকাশের সৌন্দর্যের পেছনে আরও কী রহস্য রয়েছে?
  7. ষষ্ঠ আয়াত: যারা নিজেদের রবকে অস্বীকার করে, তাদের পরিণতি কী?
  8. সপ্তম আয়াত: জাহান্নামে নিক্ষিপ্ত হলে কী ঘটবে?
  9. অষ্টম আয়াত: জাহান্নামের রক্ষীরা কী প্রশ্ন করবে?
  10. নবম আয়াত: তারা কি সত্যিই সতর্কবার্তা পায়নি?
  11. দশম আয়াত: এত বড় ভুলের জন্য তাদের সবচেয়ে বড় আফসোস কী হবে?
  12. এবার প্রথম ১০টি আয়াত একসঙ্গে একটু রিভিশন করে নিই!
  13. তথ্যসূত্র

ভূমিকা

আমরা তো অনেকেই নিয়মিত সূরা মূলক পড়ি, বিশেষ করে রাতে ঘুমানোর আগে। মাত্র ৩০টি আয়াতের এই অসাধারণ সূরা! কিন্তু কখনো কি আয়াতগুলো নিয়ে একটু গভীরভাবে ভেবে দেখেছি?

কেন আল্লাহ সূরাটি শুরু করলেন নিজের রাজত্ব ও ক্ষমতার কথা দিয়ে? এরপর কেন মৃত্যু ও জীবনের কথা বললেন? তারপর হঠাৎ সাত আসমানের সৌন্দর্য দেখিয়ে জাহান্নামের ভয়াবহ দৃশ্য তুলে ধরলেন?

কী সম্পর্ক আছে এই বিষয়গুলোর মধ্যে?

আসলে সূরা মূলকের প্রথম ১০টি আয়াতেই রয়েছে এক অসাধারণ ধারাবাহিকতা! প্রতিটি বিষয় যেন পরের বিষয়টি বোঝার পথ তৈরি করে দিচ্ছে। একটি আয়াতও কিন্তু এখানে খাপছাড়া নয়!

আসুন, স্বীকৃত তাফসিরের আলোকে এই সুন্দর ধারাবাহিকতাটি বুঝে নিই। জেনে নিই, আমাদের প্রিয় রব আমাদের কী বলছেন!

প্রথম আয়াত: সবকিছুর মালিক আসলে কে?

تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

কত বরকতময় তিনি, যাঁর হাতে সমস্ত রাজত্ব! আর তিনি সবকিছুর ওপর সর্বশক্তিমান। (৬৭:১, ভাবানুবাদ)

সুবহানআল্লাহ!

সূরার শুরুতেই আল্লাহ আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য জানিয়ে দিলেন। এই বিশাল সৃষ্টিজগতের সমস্ত রাজত্ব, সমস্ত কর্তৃত্ব একমাত্র তাঁরই!

তাফসিরে আস-সা'দীতে এসেছে, আসমান ও জমিনের সমস্ত রাজত্ব তাঁর। তিনি সেগুলো সৃষ্টি করেছেন এবং নিজ প্রজ্ঞা অনুযায়ী সবকিছু পরিচালনা করেন।

একটু ভাবুন তো!

আমরা কত কিছু নিজের বলে মনে করি! আমার বাড়ি, আমার সম্পদ, আমার সন্তান, আমার জীবন!

অথচ প্রকৃত মালিক কে?

আল্লাহ!

আমাদের যা কিছু আছে, সবই তো তাঁর দেওয়া!

এখন প্রথম আয়াতে জানলাম, সবকিছুর ওপর আল্লাহর রাজত্ব ও ক্ষমতা। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই ক্ষমতাময় রব আমাদের জন্য এই জীবন ও মৃত্যু কেন সৃষ্টি করলেন?

ঠিক পরের আয়াতেই আল্লাহ উত্তর দিয়ে দিলেন!

দ্বিতীয় আয়াত: আল্লাহ আমাদের জীবন ও মৃত্যু কেন সৃষ্টি করলেন?

الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۚ وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ

যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, যাতে তোমাদের পরীক্ষা করতে পারেন, তোমাদের মধ্যে কে আমলের দিক থেকে সবচেয়ে উত্তম। আর তিনি পরাক্রমশালী, পরম ক্ষমাশীল। (৬৭:২)

হৃদয় কাঁপিয়ে দেওয়ার মত কিছু কথা, তাই না?

প্রথম আয়াতে আল্লাহ জানালেন, সবকিছুর ওপর তাঁর রাজত্ব। আর দ্বিতীয় আয়াতেই জানালেন, আমাদের জীবন-মৃত্যুও তাঁর সৃষ্টি!

কিন্তু কেন এই জীবন? আর কেনই বা মৃত্যু?

এগুলো সবই বান্দাকে পরীক্ষা করার জন্য!

আর খেয়াল করুন, আল্লাহ কিন্তু বলেননি, তিনি যাচাই করবেন কে সবচেয়ে বেশি পরিমাণে আমল করে। বলেছেন, বরং কে সবচেয়ে উত্তম আমল করে!

তাফসিরে আস-সা'দীতে উত্তম আমল বলতে এমন আমলের কথা এসেছে, যা আন্তরিকতার সঙ্গে এবং সঠিক পদ্ধতিতে করা হয়। অর্থাৎ যে আমলগুলোতে শুদ্ধ নিয়ত, ইখলাস থাকবে, এবং শুদ্ধ পদ্ধতি থাকবে‌।

অর্থাৎ, শুধু অনেক অনেক আমল করলেই হলো না। আমলটি আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে কি না, তাঁর নির্দেশনা অনুযায়ী হচ্ছে কি না, সেটাও গুরুত্বপূর্ণ!

আমরা কত ব্যস্ত থাকি জীবনে সফল হওয়ার জন্য! ভালো চাকরি, সুন্দর বাড়ি, মজার এক প্লেট খাবার, আরামদায়ক জীবন!

অথচ আল্লাহ আমাদের জীবনের আসল উদ্দেশ্য কত সহজে জানিয়ে দিলেন!

আমরা এখানে শুধু দুনিয়া অর্জন করতে আসিনি। আমরা এসেছি পরীক্ষায় উত্তীর্ণ হতে!

আর দ্বিতীয় আয়াতের শেষটুকু দেখুন!

وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ

তিনি পরাক্রমশালী, পরম ক্ষমাশীল।

সুবহানআল্লাহ!

যিনি আমাদের পরীক্ষা নিচ্ছেন, এই কঠিন পরীক্ষার মাঝেও আমরা যেন ভুলে না যাই, আমাদের রব সবচেয়ে শক্তিশালী। কঠিন পরীক্ষা নিলেও তিনি আমাদের প্রতি কতটা দয়াময় এবং ক্ষমাশীল!

আমরা ভুল করতে পারি, গুনাহ করতে পারি। কিন্তু তাওবা করে তাঁর দিকে ফিরে আসার সুযোগও রয়েছে!

আল্লাহর শক্তির কথা জানিয়ে আবার তাঁর ক্ষমার কথাও স্মরণ করিয়ে দিলেন। কী অপূর্ব আশার বাণী! কি চমৎকার ভারসাম্য কুরআনের প্রত্যেকটা শব্দে, খেয়াল করেছেন?

তৃতীয় আয়াত: সেই ক্ষমতাময় রবের সৃষ্টি কত নিখুঁত?

প্রথম দুই আয়াতে আমরা জানলাম, আল্লাহ সমস্ত রাজত্বের মালিক এবং তিনিই জীবন-মৃত্যুর স্রষ্টা।

এবার তৃতীয় আয়াতে আল্লাহ আমাদের দৃষ্টি নিয়ে গেলেন বিশাল আসমানের দিকে!

الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا

যিনি সাত আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন। (৬৭:৩-এর অংশ)

দেখুন কী সুন্দরভাবে বিষয়টি এগিয়ে যাচ্ছে!

প্রথম আয়াতে আল্লাহ নিজের সর্বময় ক্ষমতার কথা বললেন। দ্বিতীয় আয়াতে সেই ক্ষমতার অধীনে আমাদের জীবন-মৃত্যুর কথা জানালেন।

আর এবার আমাদের সামনে তুলে ধরলেন তাঁর সৃষ্টির এক বিশাল নিদর্শন, সাত আসমান!

কিন্তু শুধু আসমান সৃষ্টি করার কথা বলেই সেখানেই শেষ নয় বরং তিনি বললেন,

مَّا تَرَىٰ فِي خَلْقِ الرَّحْمَٰنِ مِن تَفَاوُتٍ

তুমি পরম করুণাময়ের সৃষ্টিতে কোনো অসংগতি দেখতে পাবে না। (৬৭:৩-এর অংশ)

তাফসিরে ইবন কাসীরে এসেছে, এখানে সৃষ্টির মধ্যে অসামঞ্জস্য, ত্রুটি ও বিশৃঙ্খলা না থাকার কথা বোঝানো হয়েছে।

এরপর আল্লাহ যেন আমাদের সরাসরি আহ্বান করলেন!

فَارْجِعِ الْبَصَرَ هَلْ تَرَىٰ مِن فُطُورٍ

তুমি আবার দৃষ্টি ফেরাও, কোনো ফাটল দেখতে পাও কি? (৬৭:৩-এর অংশ)

আহা! কত সুন্দর আহ্বান!

আল্লাহ তাঁর সৃষ্টির নিখুঁত হওয়ার কথা জানিয়ে দিলেন। এবং আমাদেরকে সেই সৃষ্টি নিয়ে চিন্তা করতেও বললেন!

আমরা তো প্রতিদিনই আকাশ দেখি। অথচ কতবার সেই আকাশ দেখে আমরা মুগ্ধ হয়ে যাই? কতবার আকাশ থেকে আমাদের ঈমানকে রিনিউ করি? বারবার কি চারপাশে তাকিয়ে স্রষ্টার মহিমা নিয়ে ভাবি?

এখানেই শেষ নয়!

চতুর্থ আয়াত: একবার নয়, বারবার তাকিয়ে দেখো!

তৃতীয় আয়াতে আল্লাহ আসমানের দিকে তাকাতে বললেন।

আর চতুর্থ আয়াতে বললেন,

ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ يَنقَلِبْ إِلَيْكَ الْبَصَرُ خَاسِئًا وَهُوَ حَسِيرٌ

তারপর তুমি বারবার দৃষ্টি ফেরাও। তোমার দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে।

(৬৭:৪, ভাবানুবাদ)

সুবহানআল্লাহ!

একবার দেখেই শেষ নয়। বারবার দেখো!

তাফসিরে আস-সা'দীতে ব্যাখ্যা করা হয়েছে, বারবার দেখার পরও মানুষ সেই সৃষ্টিতে কোনো ত্রুটি খুঁজে পাবে না। অবশেষে তার দৃষ্টি ক্লান্ত হয়ে ফিরে আসবে।

এখানে একটি বিষয় আমার ভীষণ ভালো লাগে!

আল্লাহ আমাদের অন্ধভাবে সবকিছু মেনে নিতে বলছেন না। বরং তাঁর সৃষ্টির নিদর্শন নিয়ে গভীরভাবে চিন্তা করতে আহ্বান করছেন!

আমরা কত সময় অপ্রয়োজনীয় জিনিস নিয়ে চিন্তা করি! আজেবাজে উলট-পালট কনটেন্ট দিয়ে আমাদের মগজ টা ভর্তি থাকে। অথচ এই বিশাল আকাশের দিকে তাকিয়ে যদি একটু আল্লাহর অসীম ক্ষমতা নিয়ে ভাবতাম!

তাহলে হয়তো নিজেদের অনেক দুশ্চিন্তাই কত ছোট মনে হতো! তাহলে, অনেক ছোট মনে হতো নিজেদের অভিযোগগুলো।

দেখুন, তৃতীয় আয়াতে সৃষ্টির নিখুঁত হওয়ার ঘোষণা, আর চতুর্থ আয়াতে সেই নিখুঁত সৃষ্টি বারবার পর্যবেক্ষণের আহ্বান!

কী সুন্দর সম্পর্ক!

পঞ্চম আয়াত: আকাশের সৌন্দর্যের পেছনে আরও কী রহস্য রয়েছে?

এতক্ষণ আল্লাহ আসমানের নিখুঁত সৃষ্টি নিয়ে ভাবতে বললেন।

এবার সেই আসমানের সৌন্দর্যের একটি বিশেষ দিক তুলে ধরলেন।

وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ

আর নিশ্চয়ই আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দিয়ে সুশোভিত করেছি। (৬৭:৫-এর অংশ)

এখানে প্রদীপমালা বলতে নক্ষত্ররাজির কথা বলা হয়েছে।

আহা! একটু কল্পনা করুন!

রাতের আকাশ! অসংখ্য উজ্জ্বল নক্ষত্র! কী অপরূপ সৌন্দর্য!

আগের আয়াতগুলোতে আল্লাহ আসমানের নিখুঁত হওয়ার কথা বললেন। আর এবার সেই আসমানের সৌন্দর্যের কথাও জানালেন!

কিন্তু নক্ষত্ররাজির আলোচনার পরই আল্লাহ জানালেন আরও একটি বিষয়।

وَجَعَلْنَاهَا رُجُومًا لِّلشَّيَاطِينِ

আর সেগুলোকে শয়তানদের বিতাড়নের উপায় করেছি। (৬৭:৫-এর অংশ, ভাবানুবাদ)

তাফসিরে ইবন কাসীরে ব্যাখ্যা করা হয়েছে, এখানে নক্ষত্রগুলো নিজেরাই ছুটে গিয়ে শয়তানদের আঘাত করে, ঠিক এমনটি বোঝানো হয়নি। বরং শয়তানদের দিকে নিক্ষিপ্ত অগ্নিশিখার বিষয়টি বোঝানো হয়েছে।

শয়তানেরা আসমানের সংবাদ চুরি করে শোনার চেষ্টা করে মাঝে মাঝে। এই শয়তান জ্বীনদের উদ্দেশ্য থাকে আসমান থেকে কিছু আবছা খবর চুরি করে জ্যোতিষী অথবা কালো জাদুকরদের কাছে সরবরাহ করা। তাদের ষড়যন্ত্র কে নস্যাৎ করে দিতেই তাদের দিকে জ্বলন্ত অগ্নিশিখা নিক্ষেপ করা হয়। সূরা আস-সাফফাতের ৬–১০ আয়াতেও এ বিষয়ে বিস্তারিত এসেছে। তাহলে দেখুন প্রিয় পাঠক, এই যে অদৃশ্য জগতের বিভিন্ন ক্ষতি থেকে আমরা আল্লাহর কাছে হেফাজত চাই, এগুলো কিন্তু নিছক মামুলি ব্যাপার নয়। আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে অদৃশ্য জগতের ক্ষতি থেকে প্রতিনিয়ত সকল সুন্দর জিকির করার মাধ্যমে নিরাপত্তা চাইতে হবে।

এবার ভালো করে চিন্তা করে দেখুন!

যে আকাশের সৌন্দর্য আমাদের মুগ্ধ করে, সেই আকাশের সঙ্গে আল্লাহর নির্ধারিত পাহারার ব্যবস্থাও জড়িত!

এরপর পঞ্চম আয়াতের শেষ অংশে আল্লাহ জানালেন, এই শয়তানদের জন্য জ্বলন্ত আগুনের শাস্তিও প্রস্তুত রাখা হয়েছে।

খেয়াল করুন, এখান থেকেই কিন্তু আলোচনার একটি নতুন দিকে মোড় নিচ্ছে।

এতক্ষণ ছিল আকাশের সৃষ্টি, সৌন্দর্য ও আল্লাহর ক্ষমতার নিদর্শন। এবার সেই আলোচনায় শাস্তির প্রসঙ্গ এসে গেল।

আর ঠিক পরের আয়াতেই আল্লাহ জানালেন, শাস্তি শুধু অবাধ্য শয়তানদের জন্যই নয়!

ষষ্ঠ আয়াত: যারা নিজেদের রবকে অস্বীকার করে, তাদের পরিণতি কী?

وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ ۖ وَبِئْسَ الْمَصِيرُ

আর যারা তাদের রবকে অস্বীকার করে, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। আর কত নিকৃষ্ট সেই প্রত্যাবর্তনস্থল! (৬৭:৬)

দেখলেন কী সুন্দর ধারাবাহিকতা?

পঞ্চম আয়াতে অবাধ্য শয়তানদের শাস্তির কথা বলা হলো।

আর ষষ্ঠ আয়াতে জানানো হলো, যারা নিজেদের রবকে অস্বীকার করে, তাদের জন্যও জাহান্নামের শাস্তি রয়েছে!

এখানে একটু ভেবে দেখুন!

আল্লাহ তো আমাদের জীবনের উদ্দেশ্য আগেই জানিয়ে দিয়েছেন। দ্বিতীয় আয়াতে বলেছেন, এই জীবন একটি পরীক্ষা!

এবার সেই পরীক্ষায় সত্য প্রত্যাখ্যানকারীদের পরিণতির কথা সামনে আনলেন।

অর্থাৎ, জীবনটা শুধু কাটিয়ে দেওয়ার বিষয় নয়। আমাদের কাজের জবাবদিহিও রয়েছে! জীবনে সত্যের ওপর আমাদের অটল থাকার সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে। না হলে আমাদের জন্য সতর্কতা বাণী হিসেবে শাস্তির কথা বলা হয়েছে।

কিন্তু জাহান্নামের সেই শাস্তি আসলে কত ভয়াবহ?

ঠিক পরের আয়াতেই আল্লাহ সেই দৃশ্যের বর্ণনা শুরু করলেন!

সপ্তম আয়াত: জাহান্নামে নিক্ষিপ্ত হলে কী ঘটবে?

إِذَا أُلْقُوا فِيهَا سَمِعُوا لَهَا شَهِيقًا وَهِيَ تَفُورُ

যখন তাদের সেখানে নিক্ষেপ করা হবে, তখন তারা তার ভয়ংকর গর্জন শুনবে, আর তা প্রচণ্ডভাবে ফুটতে থাকবে। (৬৭:৭, ভাবানুবাদ)

আল্লাহু আকবার!

ষষ্ঠ আয়াতে জাহান্নামের শাস্তির কথা জানানো হলো। আর সপ্তম আয়াতেই সেই শাস্তির একটি ভয়াবহ দৃশ্য তুলে ধরা হলো!

তাফসিরে ইবন কাসীরে জাহান্নামের এই শব্দকে ভয়ংকর চিৎকার বা গর্জনের অর্থে ব্যাখ্যা করা হয়েছে। আর ফুটতে থাকার মাধ্যমে তার ভয়াবহ উত্তাপ ও উত্তাল অবস্থার কথা বোঝানো হয়েছে।

একটু ভাবুন তো!

আমরা দুনিয়ায় সামান্য আগুনের উত্তাপও সহ্য করতে পারি না। অথচ সেই জাহান্নামের আগুন কত ভয়ংকর!

এই আয়াতগুলো পড়ে অন্তর কেঁপে ওঠে!

তবে দেখুন, আল্লাহ আমাদের এই ভয়ংকর পরিণতির কথা এখনই জানিয়ে দিচ্ছেন, যখন আমাদের সামনে এখনও ফিরে আসার সুযোগ রয়েছে!

আমরা এখনও তাওবা করতে পারি। নিজেদের আমল সংশোধন করতে পারি।

কিন্তু সেই জাহান্নামের ভয়াবহতা এখানেই শেষ নয়!

অষ্টম আয়াত: জাহান্নামের রক্ষীরা কী প্রশ্ন করবে?

সপ্তম আয়াতে জাহান্নামের ভয়াবহ গর্জনের কথা বলা হলো।

আর অষ্টম আয়াতে জানানো হলো,

تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ

ক্রোধে তা যেন ফেটে পড়ার উপক্রম হবে!

(৬৭:৮-এর অংশ)

সুবহানআল্লাহ!

এরপর আল্লাহ এমন একটি দৃশ্য তুলে ধরলেন, যা আমাদের গভীরভাবে ভাবিয়ে তোলে।

كُلَّمَا أُلْقِيَ فِيهَا فَوْجٌ سَأَلَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ نَذِيرٌ

যখনই সেখানে কোনো দলকে নিক্ষেপ করা হবে, তার রক্ষীরা তাদের জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? (৬৭:৮-এর অংশ)

আহা! কী ভয়াবহ প্রশ্ন!

জাহান্নামের রক্ষীরা জানতে চাইবে, তোমাদের কি আগে সতর্ক করা হয়নি? মানে, তোমরা কীভাবে এই পরিণতিতে নিজেদেরকে ফেলে দিলে?

অর্থাৎ, তাদের কাছে সতর্কবার্তা পৌঁছেছিল কি না, সেই প্রশ্ন করা হবে!

তাফসিরে আস-সা'দীতে এসেছে, এই প্রশ্নের মাধ্যমে জাহান্নামবাসীদের তিরস্কার করা হবে।

একটু ভাবুন তো!

আমরা আজ কুরআন পড়ছি। আল্লাহর নির্দেশনা জানছি। আমাদের সামনে সত্য জানার এবং সে অনুযায়ী জীবন গড়ার সুযোগ রয়েছে!

কিন্তু যারা সেদিন এই প্রশ্নের মুখোমুখি হবে, তারা কী উত্তর দেবে?

নবম আয়াতে আল্লাহ সেই উত্তরও জানিয়ে দিলেন!

নবম আয়াত: তারা কি সত্যিই সতর্কবার্তা পায়নি?

قَالُوا بَلَىٰ قَدْ جَاءَنَا نَذِيرٌ فَكَذَّبْنَا

তারা বলবে, হ্যাঁ, অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা তাকে মিথ্যা বলেছিলাম। (৬৭:৯-এর অংশ)

দেখুন!

অষ্টম আয়াতে প্রশ্ন করা হলো, তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি?

আর নবম আয়াতে তারা স্বীকার করল, হ্যাঁ, এসেছিল!

কিন্তু তারা সেই সতর্কবার্তা প্রত্যাখ্যান করেছিল।

শুধু তা-ই নয়!

তারা বলেছিল, আল্লাহ কিছুই নাযিল করেননি! বরং সতর্ককারীদেরই তারা বড় বিভ্রান্তির মধ্যে রয়েছে বলে অভিযোগ করেছিল। (৬৭:৯)

কী ভয়াবহ অবস্থা!

সত্য তাদের কাছে পৌঁছেছিল। কিন্তু তারা সেই সত্যকে গ্রহণ না করে উল্টো সত্যের আহ্বানকারীদেরই ভুল বলেছিল!

তাফসিরে আস-সা'দীতে এই আয়াতের ব্যাখ্যায় তাদের একগুঁয়েমি, অহংকার ও সত্য প্রত্যাখ্যানের কথা তুলে ধরা হয়েছে।

আমরা নিজেদের দিকেই আয়নাতে তাকাই, এমন যদি এক গুয়ামি অহংকার এবং সত্য প্রত্যাখ্যান করার মানসিকতা যেন আমাদের ভেতর কখনো না সে। আমরা সত্য বুঝেও যেন বোঝার ভান না করি। নিজেদের সংশোধনের সুযোগ আসলেও যেন অহংকারবশত সেগুলো হাতছাড়া না করি।

আমাদের জন্যও এখানে গভীর শিক্ষা রয়েছে।

শুধু সত্য জানা বা শোনার সুযোগ পেলেই তো হলো না! সেই সত্য গ্রহণ করার মতো বিনয়ী অন্তরও প্রয়োজন!

আমরা যেন কখনো নিজেদের মতামত, অভ্যাস কিংবা অহংকারকে আল্লাহর নির্দেশনার চেয়ে বড় করে না দেখি।

কিন্তু শেষ পর্যন্ত তারা নিজেদের ভুল সম্পর্কে কী উপলব্ধি করবে?

দশম আয়াতে রয়েছে সেই হৃদয় কাঁপানো স্বীকারোক্তি!

দশম আয়াত: এত বড় ভুলের জন্য তাদের সবচেয়ে বড় আফসোস কী হবে?

وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ

আর তারা বলবে, আমরা যদি শুনতাম অথবা বিবেক-বুদ্ধি ব্যবহার করতাম, তাহলে আজ এই জ্বলন্ত আগুনের অধিবাসীদের অন্তর্ভুক্ত হতাম না। (৬৭:১০, ভাবানুবাদ)

আহা! কী গভীর আফসোস!

নবম আয়াতে তারা স্বীকার করল, তাদের কাছে সতর্ককারী এসেছিল। কিন্তু তারা সত্য প্রত্যাখ্যান করেছিল।

আর দশম আয়াতে এসে তারা বুঝতে পারল, তাদের কত বড় ভুল হয়েছিল!

তাফসিরে ইবন কাসীরে ব্যাখ্যা করা হয়েছে, তারা যদি আল্লাহর নাযিল করা সত্য মনোযোগ দিয়ে শুনত এবং নিজেদের বিবেক-বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগাত, তাহলে সেই সত্য প্রত্যাখ্যান করত না।

অর্থাৎ, তাদের সমস্যা শুধু কানে না শোনা ছিল না!

তারা সত্যের বাণী শুনেছিল, কিন্তু তা গ্রহণ করেনি। নিজেদের বিবেক-বুদ্ধিও এমনভাবে ব্যবহার করেনি, যা তাদের সঠিক পথে পরিচালিত করত।

একটু ভাবুন তো!

আজ আমাদের সামনে কুরআন রয়েছে। আমরা পড়তে পারছি, শুনতে পারছি, বুঝতে পারছি।

অথচ কত সময় আল্লাহর নির্দেশনা জানার পরও নিজেদের সুবিধামতো চলতে চাই!

কখনো নিজের প্রবৃত্তিকে প্রাধান্য দিই, কখনো সমাজের চাপে পড়ে সত্যকে উপেক্ষা করি, কখনো মনে করি, পরে একসময় ঠিক হয়ে যাব!

কিন্তু সেই 'পরে' আসার নিশ্চয়তা কোথায়?

আহা! দশম আয়াতটি যেন আমাদের এখনই সতর্ক করে দিচ্ছে!

সেদিন আফসোস করার আগে আজই যেন আমরা কুরআনের বাণী মন দিয়ে শুনি, বুঝি এবং সেই অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করি!

দেখুন কী সুন্দরভাবে প্রথম দশটি আয়াতের আলোচনা এগিয়ে গেল!

এবার প্রথম ১০টি আয়াত একসঙ্গে একটু রিভিশন করে নিই!

১: সমস্ত রাজত্ব আল্লাহর হাতে। তিনি সবকিছুর ওপর সর্বশক্তিমান।

২: তিনিই জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন আমাদের উত্তম আমলের পরীক্ষা নেওয়ার জন্য।

৩: তাঁর অসীম ক্ষমতার নিদর্শন সাত আসমানের নিখুঁত সৃষ্টি।

৪: সেই সৃষ্টি বারবার দেখলেও কোনো ত্রুটি খুঁজে পাওয়া যাবে না।

৫: নিকটবর্তী আকাশকে তিনি নক্ষত্ররাজি দিয়ে সুশোভিত করেছেন; শয়তানদের বিতাড়নের ব্যবস্থা করেছেন এবং তাদের জন্য শাস্তি প্রস্তুত রেখেছেন।

৬: যারা নিজেদের রবকে অস্বীকার করে, তাদের জন্যও রয়েছে জাহান্নামের শাস্তি।

৭: জাহান্নামে নিক্ষিপ্ত হলে তারা তার ভয়াবহ গর্জন শুনবে।

৮: জাহান্নামের রক্ষীরা তাদের জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি?

৯: তারা স্বীকার করবে, সতর্ককারী এসেছিল, কিন্তু তারা প্রত্যাখ্যান করেছিল।

১০: অবশেষে তারা আফসোস করবে, যদি সত্য শুনত এবং বিবেক-বুদ্ধি কাজে লাগাত, তাহলে আজ এই পরিণতি হতো না!

এবার সংযোগগুলো এক নজরে দেখুন!

(১) সব রাজত্ব কার হাতে? আল্লাহর
→ (২) তিনি আমাদের জীবন-মৃত্যু কেন সৃষ্টি করেছেন? উত্তম আমলের পরীক্ষার জন্য
→ (৩) তাঁর ক্ষমতার নিদর্শন কী? সাত আসমানের নিখুঁত সৃষ্টি
→ (৪) সেই সৃষ্টিতে ত্রুটি আছে কি? বারবার দেখেও পাওয়া যাবে না
→ (৫) আকাশে আর কী রয়েছে? সৌন্দর্য, শয়তানদের বিতাড়নের ব্যবস্থা এবং তাদের শাস্তির ঘোষণা
→ (৬) আর কারা শাস্তি পাবে? রবকে অস্বীকারকারীরা
→ (৭) তাদের শাস্তি কত ভয়াবহ? জাহান্নামের প্রচণ্ড গর্জন ও ফুটন্ত আগুন
→ (৮) সেখানে তাদের কী প্রশ্ন করা হবে? সতর্ককারী কি আসেনি?
→ (৯) তাদের উত্তর কী হবে? এসেছিল, কিন্তু আমরা প্রত্যাখ্যান করেছি
→ (১০) শেষ পর্যন্ত কী বুঝবে? সত্য শুনে ও বিবেক-বুদ্ধি কাজে লাগিয়ে চললে এই পরিণতি হতো না!

মাত্র দশটি আয়াত! অথচ কত গভীর শিক্ষা!

একটু ভাবুন তো!

যে আল্লাহর হাতে সমস্ত রাজত্ব, সেই আল্লাহই আমাদের জীবন দিয়েছেন। পরীক্ষা নেওয়ার জন্য দিয়েছেন। নিজের সৃষ্টির নিদর্শন দেখিয়েছেন, চিন্তা করতে বলেছেন, ভুল পথের পরিণতি জানিয়ে দিয়েছেন! আল্লাহই পরীক্ষা নিবেন, কিন্তু আল্লাহই আমাদেরকে পরীক্ষার সিলেবাস, এবং স্টাডি গাইড সবই সরবরাহ করেছেন। আমাদের শুধু পড়াশোনা করে প্রস্তুত হওয়ার কথা ছিল। সেটাও কি আমরা করছি না?

তাহলে আমরা এখনও কেন নিজেদের জীবনের উদ্দেশ্য ভুলে থাকব?

আমরা নিশ্চয়ই চাই না, একদিন আমাদেরও আফসোস করতে হোক—

হায়! যদি সেদিন আল্লাহর কথাগুলো মন দিয়ে শুনতাম! যদি বুঝে আমল করতাম!

আল্লাহ আমাদের সেই ভয়াবহ আফসোস থেকে রক্ষা করুন।

আমাদের জীবনগুলোকে উত্তম আমল দিয়ে সাজিয়ে দিন। আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন। কুরআন বোঝার, ভালোবাসার এবং সেই অনুযায়ী জীবন গড়ার তাওফিক দিন।

আমীন, ইয়া রব্বাল আলামীন।

তথ্যসূত্র

১. আল-কুরআনুল কারীম: সূরা আল-মুলক (৬৭:১–১০)।

২. তাফসির ইবন কাসীর: সূরা আল-মুলক (৬৭:১–৪)—আল্লাহর ক্ষমতা, জীবন-মৃত্যুর পরীক্ষা ও সাত আসমানের নিখুঁত সৃষ্টি; (৬৭:৫)—নক্ষত্ররাজি ও শয়তানদের দিকে নিক্ষিপ্ত অগ্নিশিখা; (৬৭:৬–১০)—জাহান্নামের বর্ণনা ও সত্য প্রত্যাখ্যানকারীদের অনুশোচনা।

৩. তাফসির আস-সা'দী: সূরা আল-মুলক (৬৭:১–২)—সার্বভৌমত্ব, উত্তম আমল ও ক্ষমাশীলতা; (৬৭:৩–৫)—সৃষ্টির নিখুঁততা, সৌন্দর্য ও আকাশের পাহারা; (৬৭:৬–১০)—শাস্তির সতর্কবার্তা, সত্য প্রত্যাখ্যান ও বিবেক-বুদ্ধি কাজে না লাগানোর পরিণতি।

৪. সহায়ক কুরআনিক রেফারেন্স: সূরা আস-সাফফাত (৩৭:৬–১০)—নক্ষত্রের সৌন্দর্য, আসমানের পাহারা ও শয়তানদের দিকে অগ্নিশিখা নিক্ষেপের বিবরণ।

দ্রষ্টব্য: আয়াতের অনুবাদগুলো সহজবোধ্য ভাবানুবাদ। মূল ব্যাখ্যা স্বীকৃত তাফসিরের আলোকে উপস্থাপন করা হয়েছে। আয়াতগুলোর পারস্পরিক ধারাবাহিকতা নাজম ও মুনাসাবার আলোকে ব্যাখ্যা করা হয়েছে। সব সংযোগই যে তাফসিরকারদের সরাসরি বক্তব্য, এমন দাবি করা হচ্ছে না। আল্লাহই সবচেয়ে ভালো জানেন।

তাফসির যাচাইয়ের সরাসরি সূত্র: ইবন কাসীর (৬৭:২ আস-সা'দী (৬৭:২), ইবন কাসীর (৬৭:৫) আস-সা'দী (৬৭:১০)

শেয়ার করুন:

মন্তব্য

আরও পড়ুন

القرآن
কুরআনের তাফসীর / দারস · সূরা আল-মুলক: আয়াত ১১–২১

সূরা আল-মুলক নোট (আয়াত ১১–২১)

সূরা আল-মুলকের ১১–২১ আয়াত: না দেখে আল্লাহকে ভয় করার পুরস্কার, গোপন কথাও আল্লাহর জানা, পৃথিবীকে সহজ করে দেওয়া ও রিজিকের মালিক — আয়াত ধরে ধরে আলোচনা।

MD MAYEEN UDDINMD MAYEEN UDDIN👁 ০
القرآن
কুরআনের তাফসীর / দারস · সূরা আল-মুলক: আয়াত ২২–৩০

সূরা আল-মুলক নোট (আয়াত ২২–৩০)

সূরা আল-মুলকের শেষ ৯ আয়াত: কে সঠিক পথে, কান-চোখ-অন্তরের নিয়ামত, কিয়ামতের জ্ঞান, ঈমান ও তাওয়াক্কুল এবং পানির মালিকানা — আয়াত ধরে ধরে আলোচনা।

MD MAYEEN UDDINMD MAYEEN UDDIN👁 ০
القرآن
কুরআনের তাফসীর / দারস · সূরা লাহাব: আয়াত ১–৫ | সূরা ইখলাস: আয়াত ১–৪

সূরা আল-লাহাব ও সূরা আল-ইখলাস নোট

সূরা আল-লাহাব ও সূরা আল-ইখলাস: নবীজির ﷺ চাচা আবু লাহাবের পরিণতি থেকে শিক্ষা, আর তাওহীদের সবচেয়ে সংক্ষিপ্ত ও পূর্ণ ঘোষণা — আয়াত ধরে ধরে আলোচনা।

MD MAYEEN UDDINMD MAYEEN UDDIN👁 ৯
القرآن
কুরআনের তাফসীর / দারস · সূরা আল-ফাতিহা: আয়াত ১–৭

সূরা আল-ফাতিহা নোট

সূরা আল-ফাতিহার সাতটি আয়াতের সহজ ব্যাখ্যা — রবের দয়া, প্রতিপালন ও বিচার দিবসের মালিকানা, আর সরল পথের দোয়া; সাথে আয়াতগুলোর ধারাবাহিকতা ও পরের সূরার সাথে সম্পর্ক।

MD MAYEEN UDDINMD MAYEEN UDDIN👁 ১