কুরআনের তাফসীর / দারস · সূরা লাহাব: আয়াত ১–৫ | সূরা ইখলাস: আয়াত ১–৪
সূরা আল-লাহাব ও সূরা আল-ইখলাস নোট
সূরা আল-লাহাব ও সূরা আল-ইখলাস: নবীজির ﷺ চাচা আবু লাহাবের পরিণতি থেকে শিক্ষা, আর তাওহীদের সবচেয়ে সংক্ষিপ্ত ও পূর্ণ ঘোষণা — আয়াত ধরে ধরে আলোচনা।
📑 সূচিপত্র (১৭)
- ভূমিকা
- প্রথম অংশ: সূরা আল-লাহাব (আল-মাসাদ)
- ২য় আয়াত: এত সম্পদ, এত অর্জন এগুলোর কোনো কিছুই কি কাজে আসবে না?
- ৩য় আয়াত: যার নামে ছিল আগুন, তার পরিণতিও আগুন!
- ৪র্থ আয়াত: অন্যায়ের সহযোগী হলে পরিণতি কী?
- ৫ম আয়াত: গলায় রশি! কী এক ভীষণ অপমানজনক পরিণতি!
- দ্বিতীয় অংশ: সূরা আল-ইখলাস
- ১ম আয়াত: আমাদের রব আসলে কে?
- ২য় আয়াত: সবাই তাঁর মুখাপেক্ষী, অথচ তিনি কারও মুখাপেক্ষী নন!
- ৩য় আয়াত: আল্লাহর কোনো সন্তান নেই, তিনিও কারও সন্তান নন!
- ৪র্থ আয়াত: তাঁর সমকক্ষ কেউ নেই!
- এক নজরে আয়াতগুলোর ধারাবাহিকতা
- শেষ কিছু কথা…
- তথ্যসূত্র
ভূমিকা
ছোটবেলা থেকেই তো আমরা সূরা লাহাব ও সূরা ইখলাস পড়ে আসছি। মাত্র পাঁচটি আর চারটি আয়াতের দুটি ছোট্ট সূরা! অথচ এই দুটি সূরার মধ্যে লুকিয়ে আছে কত গভীর শিক্ষা কখনো ভেবে দেখেছেন?
আমরা জানি, সূরা লাহাবে আল্লাহ আবু লাহাব ও তার স্ত্রীর পরিণতি জানিয়েছেন। আর সূরা ইখলাসে আল্লাহ আমাদের জানিয়েছেন তাঁর একত্ব ও অতুলনীয় পরিচয়।
কিন্তু কখনো কি ভেবে দেখেছি, সূরা লাহাবে প্রথমে আবু লাহাবের ধ্বংসের কথা, এরপর তার সম্পদের ব্যর্থতা, তারপর আগুনের শাস্তি, এরপর তার স্ত্রী এবং সবশেষে স্ত্রীর গলায় রশির কথা কেন এসেছে?
আবার ঠিক এর পরের সূরা ইখলাসে কেনই বা আল্লাহ নিজের পরিচয় দিতে শুরু করলেন?
আসুন, আজ আমরা এই দুটি সূরা একটু গভীরভাবে বুঝে পড়ি। ইনশাআল্লাহ, দেখব কী সুন্দরভাবে একটি আয়াত পরের আয়াতকে বোঝার পথ তৈরি করেছে এবং আমাদের অন্তরের ওষুধ হিসেবে কাজ করছে!
প্রথম অংশ: সূরা আল-লাহাব (আল-মাসাদ)
১ম আয়াত: রাসূলের আত্মীয় হয়েও কেন ধ্বংস হলো আবু লাহাব?
تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ
অর্থ: ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হয়েছে। (সূরা আল-লাহাব, ১১১:১)
আবু লাহাব ছিলেন রাসূলুল্লাহ ﷺ-এর আপন চাচা। অথচ তিনিই ছিলেন নবীজির অন্যতম কঠোর বিরোধী।
সহিহ বুখারিতে এসেছে, রাসূলুল্লাহ ﷺ যখন সাফা পাহাড়ে উঠে কুরাইশদের আল্লাহর শাস্তি সম্পর্কে সতর্ক করেছিলেন, তখন আবু লাহাব রেগে গিয়ে তাঁকে অভিশাপ দিয়েছিল। আবু লাহাব চেয়েছিল যেন আমাদের প্রিয় নবী এবং তাঁর মিশন ধ্বংস হয়! আর এই ঘটনার প্রেক্ষাপটে সূরা লাহাব নাজিল হয়।
কী আশ্চর্য! যে মানুষটি নবীজিকে ধ্বংসের কথা বলেছিল, আল্লাহ তার নিজের ধ্বংসের ঘোষণাই কুরআনে নাজিল করলেন!
এখানে 'দুই হাত ধ্বংস হওয়া' দ্বারা তার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার অর্থও বোঝা যায়। আর 'সে নিজেও ধ্বংস হয়েছে' বলে তার সামগ্রিক ব্যর্থতা নিশ্চিত করা হয়েছে।
একটু ভাবুন, রাসূলের এত কাছের আত্মীয় হয়েও আবু লাহাব রক্ষা পেল না! কারণ আল্লাহর কাছে শুধু বংশপরিচয় এর মূল্য নেই। ঈমান ও সত্য গ্রহণেরই মূল্যটাই আসল।
কিন্তু আবু লাহাব তো ছিল ধনী, প্রভাবশালী মানুষ! তার সম্পদ কি তাকে বাঁচাতে পারত না? আমরা তো দুনিয়াতে দেখি সম্পদ থাকলে গোটা আদালতকেই কিনে নেওয়া যায়।
এর পরের আয়াতেই আল্লাহ সেই প্রশ্নের উত্তর দিলেন।
২য় আয়াত: এত সম্পদ, এত অর্জন এগুলোর কোনো কিছুই কি কাজে আসবে না?
مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ
অর্থ: তার ধনসম্পদ এবং তার উপার্জন তার কোনো কাজে আসেনি। (সূরা আল-লাহাব, ১১১:২)
প্রথম আয়াতে আল্লাহ আবু লাহাবের ধ্বংসের ঘোষণা দিয়েছেন। এবার জানিয়ে দিলেন, তার ধনসম্পদ কিংবা অর্জিত কোনো কিছুই সেই ধ্বংস ঠেকাতে পারবে না।
তাফসিরে ইবনে কাসির ও তাবারিতে 'যা সে অর্জন করেছে' – এর ব্যাখ্যায় তার সন্তানদের কথাও এসেছে।
অর্থাৎ, সম্পদ, সন্তান, সামাজিক অবস্থান ইত্যাদি কিছুই তাকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারবে না।
আমাদের জীবনের জন্যও কত বড় শিক্ষা! আমরা কত কিছু অর্জন করার পেছনে ছুটি। অথচ আল্লাহর সন্তুষ্টি ছাড়া সেই অর্জনই যদি একদিন আমাদের কোনো উপকারে না আসে?
এবার প্রশ্ন হলো, আবু লাহাবের এই চূড়ান্ত ব্যর্থতার পরিণতি কী?
৩য় আয়াত: যার নামে ছিল আগুন, তার পরিণতিও আগুন!
سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ
অর্থ: অচিরেই সে প্রবেশ করবে লেলিহান শিখাযুক্ত আগুনে। (সূরা আল-লাহাব, ১১১:৩)
আল্লাহ এবার তার পরিণতি স্পষ্ট করে দিলেন, জাহান্নামের লেলিহান আগুন।
খেয়াল করেছেন, কী গভীর একটি শব্দগত মিল রয়েছে এখানে?
আবু লাহাবের উপনামের 'লাহাব' অর্থ আগুনের শিখা। আর তৃতীয় আয়াতে আল্লাহ বলেছেন, সে প্রবেশ করবে 'নারান যাতা লাহাব', শিখাযুক্ত আগুনে!
তার উপনাম 'লাহাব' এটা তার অবস্থার প্রশংসা করে দেওয়া, আমরা অনেক সময় বলি না যে, 'কি দারুণ কাজ করেছ!! একদম আগুন হয়েছে আগুন!"
অথচ তার এই নামের প্রশংসাকে আল্লাহ তা'আলা তার চূড়ান্ত পরিণতি বর্ননা করতে ব্যবহার করলেন! অর্থাৎ যে আগুন উপনাম ব্যবহার করে সে নিজের সম্পদ, রূপ, বংশের অহংকার করে ইসলামের এবং মুসলিমদের ক্ষতি করেছে, সেই আগুনই হবে তার চূড়ান্ত পরিণতি! কি যে পাওয়ারফুল এক উপমা, বুঝতে পারছেন?
প্রথম আয়াতে ধ্বংসের ঘোষণা, দ্বিতীয় আয়াতে সম্পদের অসহায়ত্ব, আর তৃতীয় আয়াতে সেই ধ্বংসের চূড়ান্ত পরিণতি!
কিন্তু আবু লাহাব তো একা নবীজির বিরোধিতা করেনি। তার স্ত্রীও এই অন্যায়ে সহযোগী ছিল।
তাই পরের আয়াতে আল্লাহ তাকেও আলোচনায় আনলেন।
৪র্থ আয়াত: অন্যায়ের সহযোগী হলে পরিণতি কী?
وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ
অর্থ: আর তার স্ত্রীও, যে ছিল জ্বালানি কাঠ বহনকারিণী। (সূরা আল-লাহাব, ১১১:৪)
আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলও রাসূলুল্লাহ ﷺ-এর বিরোধিতায় সক্রিয় ছিল।
তাফসিরে এসেছে, সে নবীজির চলার পথে কাঁটাযুক্ত ডালপালা ফেলে রাখত। আবার 'কাঠ বহনকারিণী' কথাটিকে চোগলখুরি ও মানুষের মধ্যে শত্রুতা ছড়িয়ে দেওয়ার অর্থেও ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ কাঠ যেমন আগুন থেকে আগুন ধরায় এবং ছড়ায়, এই মহিলাটি তার মুখের বিষ আগুণের মতন ছড়িয়ে নবীজি(সা) এবং মুসলিমদের কষ্ট দিয়েছে! ইমাম তাবারি প্রথম ব্যাখ্যাটিকে অগ্রাধিকার দিয়েছেন।
এখানে লক্ষ্য করুন, তৃতীয় আয়াতে আগুনের কথা বলার পর চতুর্থ আয়াতেই কাঠ বহনের কথা এসেছে। আগুন এবং জ্বালানির এই পাশাপাশি উল্লেখ পরিণতির চিত্রটিকে আরও তীব্র করে তুলেছে। অর্থাৎ তারা যেন দুনিয়াতে একসঙ্গে আগুন এবং জ্বালানির মত একে অন্যের খারাপ কাজে ফুসলাতে থাকতো, সাহায্য করতে থাকতো একে অন্যকে আজেবাজে গুনাহের কাজে! এবার জাহান্নামেও তারা এমন আগুন, জ্বালানি হয়েই থাকবে!! আল্লাহু আকবার!
কী গভীর একটি শিক্ষা! আবু লাহাব যেমন অন্যায় করেছে, তার স্ত্রীও সেই অন্যায়ের সহযোগী হয়েছে। তাই দুজনের পরিণতিও এসেছে পাশাপাশি।
আচ্ছা আমরা কি করছি? আমরা দুনিয়াতে আমাদের প্রিয় মানুষদের সাথে মিলে মিশে কি কি কাজ করছি?
আমরা কি আমাদের প্রিয় মানুষদের সত্যের পথে সাহায্য করছি?
নাকি ভালোবাসার অজুহাতে তাদের অন্যায়কে সমর্থন করছি?
এবার আল্লাহ তার স্ত্রীর পরিণতির একটি বিশেষ চিত্র তুলে ধরলেন।
৫ম আয়াত: গলায় রশি! কী এক ভীষণ অপমানজনক পরিণতি!
فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ
অর্থ: তার গলায় থাকবে পাকানো রশি। (সূরা আল-লাহাব, ১১১:৫)
আগের আয়াতে বলা হলো, সে কাঠ বহনকারিণী। এবার আল্লাহ তার গলায় রশির কথা বললেন।
'মাসাদ' বলতে পাকানো রশি বোঝায়। তাফসিরে এই রশির উপাদান ও প্রকৃতি সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। কেউ বলেছেন আঁশের রশি, আবার কেউ জাহান্নামের শাস্তিস্বরূপ রশি বা শিকলের কথা উল্লেখ করেছেন।
তবে আয়াতটির মূল চিত্রটি অত্যন্ত স্পষ্ট – একজন অহংকারী, প্রভাবশালী নারীর জন্য অপমানজনক পরিণতির ঘোষণা!
এইভাবে সূরা লাহাব শেষ হলো। আবু লাহাবের ধ্বংস থেকে শুরু করে তার সম্পদের ব্যর্থতা, আগুনের শাস্তি এবং তার স্ত্রীর পরিণতি এগুলো সবই একে একে আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠল।
দ্বিতীয় অংশ: সূরা আল-ইখলাস
এবার দুটি সূরার মধ্যে একটি অসাধারণ সম্পর্ক লক্ষ্য করুন!
সূরা লাহাবের শেষ আয়াতে আমরা দেখলাম, মানুষের অসহায় ও অপমানজনক পরিণতির চিত্র। অথচ পরের সূরা শুরু হচ্ছে এমন এক সত্তার পরিচয় দিয়ে, যিনি কারও মুখাপেক্ষী নন, যাঁর কোনো সমকক্ষ নেই!
কুরআনের এই আলোচনায় আরও একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক পাওয়া যায়। সূরা লাহাবে সেই ব্যক্তির পরিণতি এসেছে, যে রাসূলুল্লাহ ﷺ-এর দাওয়াত ও তাওহিদের বিরোধিতা করেছিল। আর ঠিক পরের সূরা ইখলাসে বিশুদ্ধ তাওহিদের ঘোষণা এসেছে। তাওহীদের সমুন্নত হওয়ার আলোচনা এসেছে।
অর্থাৎ, এক সূরায় সত্যের বিরোধিতাকারীর পরিণতি, আর পরের সূরায় সেই সত্যের মূল ভিত্তি বর্ণনা—আল্লাহর একত্ব! কি দারুণ সম্পর্ক!
এবার আসুন, সূরা ইখলাসের চারটি আয়াতের অসাধারণ বিন্যাস দেখি।
১ম আয়াত: আমাদের রব আসলে কে?
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
অর্থ: বলুন, তিনিই আল্লাহ, এক ও অদ্বিতীয়। (সূরা আল-ইখলাস, ১১২:১)
আল্লাহ প্রথমেই রাসূলুল্লাহ ﷺ-কে বললেন, ঘোষণা করে দিন, আল্লাহ এক, অদ্বিতীয়!
তাঁর কোনো শরিক নেই, তাঁর মতো আর কেউ নেই।
তাফসিরে ইবনে কাসির ও তাবারিতে এসেছে, মুশরিকরা আল্লাহর পরিচয় ও বংশপরিচয় সম্পর্কে প্রশ্ন করেছিল। এসব প্রশ্নের উত্তরে সূরা ইখলাস নাজিল হওয়ার বর্ণনা পাওয়া যায়। মুশরিকদের কাছে বংশপরিচয় এক বিরাট ব্যপার ছিল। কোন মানুষ কোন বংশ থেকে এসেছে, এর মাধ্যমেই তারা মর্যাদার মাপকাঠি নির্ধারণ করতো! কিন্তু তারা ভুলে যায় যে, স্রষ্টা কখনো তাঁর সৃষ্টির মতন হবে না!
খেয়াল করুন, আল্লাহ নিজের পরিচয় দেওয়া শুরু করলেন তাঁর একত্ব দিয়ে। অর্থাৎ, আমরা যাঁর ইবাদত করি, তিনি অনেকের একজন নন। তিনিই একমাত্র, অনন্য!
কিন্তু এই এক ও অদ্বিতীয় আল্লাহর সঙ্গে সৃষ্টিজগতের সম্পর্ক কী?
পরের আয়াতে আল্লাহ সেটিই জানালেন।
২য় আয়াত: সবাই তাঁর মুখাপেক্ষী, অথচ তিনি কারও মুখাপেক্ষী নন!
اللَّهُ الصَّمَدُ
অর্থ: আল্লাহ অমুখাপেক্ষী; সকলেই তাঁর মুখাপেক্ষী। (সূরা আল-ইখলাস, ১১২:২; ব্যাখ্যামূলক অনুবাদ)
আল্লাহু আকবার! কী অসাধারণ একটি আয়াত!
প্রথম আয়াতে আল্লাহ জানালেন, তিনি এক ও অদ্বিতীয়। এবার জানালেন, তিনি 'আস-সামাদ'।
তাফসিরে আস-সামাদ শব্দের ব্যাখ্যায় এসেছে, তিনি সেই মহান সত্তা, যাঁর কাছে সমস্ত সৃষ্টি নিজেদের প্রয়োজন নিয়ে ফিরে আসে। তিনি সকল গুণে পরিপূর্ণ এবং কারও ওপর নির্ভরশীল নন। অথচ তাঁর কোন প্রয়োজন নেই।
একটু নিজের জীবনের কথা ভাবুন।
আমরা মানুষের কাছে সাহায্য চাই, ভালোবাসা চাই, নিরাপত্তা চাই। কিন্তু মানুষ নিজেও কত সীমাবদ্ধ! এমনকি যে মানুষটা আমাদের অনেক কিছু দিতে চাইছে, সে নিজেও কত সীমাবদ্ধ!
অথচ আমাদের রব এমন এক সত্তা, যাঁর কোনো অভাব নেই। বরং আমাদের সব অভাব নিয়েই আমরা তাঁর কাছে ফিরে যাই। তাঁর কোন সীমাবদ্ধতাও নেই!
এবার আল্লাহ তাঁর এই অমুখাপেক্ষিতা ও পূর্ণতার আরও একটি দিক স্পষ্ট করলেন।
৩য় আয়াত: আল্লাহর কোনো সন্তান নেই, তিনিও কারও সন্তান নন!
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
অর্থ: তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেওয়া হয়নি। (সূরা আল-ইখলাস, ১১২:৩)
আগের আয়াতে আল্লাহ জানালেন, তিনি কারও মুখাপেক্ষী নন। এবার জানালেন, তাঁর কোনো সন্তান নেই এবং তিনিও কারও সন্তান নন।
অর্থাৎ, সৃষ্টির মতো তাঁর কোনো জন্ম, বংশধারা কিংবা উত্তরসূরির প্রয়োজন নেই। তাঁর অস্তিত্বের কোনো শুরু নেই, কোনো শেষও নেই।
খেয়াল করুন, সূরা লাহাবে আবু লাহাবের মতো একজন মানুষের আত্মীয়তা ও অর্জনের অসহায়ত্ব আমরা দেখেছি। এমন একজনের উদাহরণ দেখেছি যে নিজের বংশপরিচয় নিয়ে অহংকার করতে করতে চরম অবাধ্যয় হল! আর এখানে আল্লাহর পরিচয় দিতে গিয়ে মানুষের মতো জন্ম ও বংশপরিচয়ের ধারণাই সম্পূর্ণ নাকচ করা হচ্ছে! সুবহানআল্লাহ!
মানুষ জন্ম নেয়, বড় হয়, অন্যের ওপর নির্ভর করে। কিন্তু আল্লাহ এসব সৃষ্টিগত বৈশিষ্ট্যের ঊর্ধ্বে।
কিন্তু কেউ কি তাঁর মতো হতে পারে? আচ্ছা এমন আর কি কেউ থাকতে পারে? তাঁর সমকক্ষ কোনো সত্তা কি থাকতে পারে?
না, পারে না!
শেষ আয়াতে আল্লাহ সেই সম্ভাবনাটিও সম্পূর্ণ নাকচ করে দিলেন।
৪র্থ আয়াত: তাঁর সমকক্ষ কেউ নেই!
وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
অর্থ: আর তাঁর সমতুল্য কেউই নেই। (সূরা আল-ইখলাস, ১১২:৪)
প্রথম আয়াতে আল্লাহ বললেন, তিনি এক ও অদ্বিতীয়। দ্বিতীয় আয়াতে বললেন, তিনি অমুখাপেক্ষী। তৃতীয় আয়াতে জানালেন, তিনি কাউকে জন্ম দেননি, তাঁকেও জন্ম দেওয়া হয়নি।
আর সবশেষে ঘোষণা করলেন, তাঁর সমকক্ষ কেউই নেই!
কী চমৎকার পরিপূর্ণতা!
আরেকটি সুন্দর বিষয় খেয়াল করুন। সূরাটি শুরু হয়েছিল 'আহাদ' শব্দ দিয়ে, শেষও হলো 'আহাদ' শব্দ দিয়ে।
শুরুতে আল্লাহর একত্বের ঘোষণা, আর শেষে তাঁর কোনো সমকক্ষ নেই – এই সত্যের ঘোষণা!
এই চারটি আয়াত আমাদের শিখিয়ে দেয়, আমরা এমন এক রবের ইবাদত করি, যিনি এক, পূর্ণ, অমুখাপেক্ষী এবং সমস্ত সৃষ্টির তুলনার ঊর্ধ্বে। তাহলে আমাদের কীসের এত দুশ্চিন্তা ?
এক নজরে আয়াতগুলোর ধারাবাহিকতা
সূরা আল-লাহাব (১–৫)
১: আবু লাহাবের ধ্বংসের ঘোষণা → ২: তার সম্পদ ও অর্জনও তাকে বাঁচাতে পারবে না → ৩: তাহলে তার পরিণতি কী? লেলিহান আগুন → ৪: তার স্ত্রীও অন্যায়ের সহযোগী, তাই তার কথাও এসেছে → ৫: সবশেষে স্ত্রীর অপমানজনক পরিণতির চিত্র।
সূরা আল-ইখলাস (১–৪)
১: আল্লাহ এক ও অদ্বিতীয় → ২: সেই অদ্বিতীয় আল্লাহ কারও মুখাপেক্ষী নন, বরং সবাই তাঁর মুখাপেক্ষী → ৩: তাই তাঁর কোনো সন্তান বা জন্মের প্রয়োজন নেই → ৪: আর কোনো সত্তাই তাঁর সমকক্ষ হতে পারে না।
দুই সূরার সংযোগ
লাহাব ১–৫: তাওহিদের বিরোধিতাকারীর ব্যর্থতা ও পরিণতি
→ ইখলাস ১–৪: সেই তাওহিদের বিশুদ্ধ ও পরিপূর্ণ ঘোষণা।
শেষ কিছু কথা…
প্রিয় পাঠক, এই দুটি সূরা একসঙ্গে পড়লে একটি বিষয় খুব সুন্দরভাবে হৃদয়ে ধরা দেয়।
মানুষ নিজেকে যত বড়ই মনে করুক না কেন, আল্লাহর সামনে সে অসহায়। আর আল্লাহ এত মহান যে, পুরো সৃষ্টিজগৎ তাঁর মুখাপেক্ষী হলেও তিনি কারও মুখাপেক্ষী নন।
তাই আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে, সেই এক ও অদ্বিতীয় আল্লাহকে সঠিকভাবে চেনা, তাঁর প্রতি ঈমান রাখা এবং তাঁর সন্তুষ্টির পথে জীবন কাটানো।
যে হৃদয় আল্লাহকে সঠিকভাবে চিনতে শেখে, সে হৃদয় কিন্তু দুনিয়ার সবকিছুকেও তার অবস্থান অনুযায়ী সঠিক জায়গায় রাখতে শেখে।
আল্লাহ আমাদের কুরআন বুঝে পড়ার, তাঁর পরিচয় গভীরভাবে জানার এবং বিশুদ্ধ তাওহিদের ওপর জীবন কাটানোর তৌফিক দিন। আমিন।
তথ্যসূত্র
১. আল-কুরআনুল কারিম: সূরা আল-লাহাব/আল-মাসাদ (১১১:১–৫) এবং সূরা আল-ইখলাস (১১২:১–৪)।
২. সহিহ আল-বুখারি: হাদিস ৪৯৭১ ও ৪৯৭৩। আবু লাহাবের বিরোধিতা ও সূরা লাহাব নাজিলের প্রেক্ষাপট।
৩. তাফসির ইবনে কাসির: সূরা আল-মাসাদ (১১১:১–৫) ও সূরা আল-ইখলাস (১১২:১–৪)। শানে নুযুল, শব্দার্থ ও মূল ব্যাখ্যা।
৪. তাফসির আত-তাবারি (জামিউল বায়ান): সূরা আল-মাসাদ (১১১:২, ৪–৫) ও সূরা আল-ইখলাস (১১২:১–৪)। মা কাসাব', 'হাম্মালাতাল হাতাব', 'মাসাদ' ও 'আস-সামাদ'-এর ব্যাখ্যা।
৫. তাফসির আস-সা'দী (তাইসিরুল কারিমির রহমান): সূরা আল-মাসাদ (১১১:১–৫) ও সূরা আল-ইখলাস (১১২:১–৪)—মূল শিক্ষা এবং আল্লাহর একত্ব ও অমুখাপেক্ষিতার ব্যাখ্যা।
৬. ইমাম জালালুদ্দিন আস-সুয়ূতী, আসরারু তারতিবিল কুরআন: সূরা আল-মাসাদ ও সূরা আল-ইখলাসের আলোচনা। সূরাগুলোর পারস্পরিক বিষয়গত সম্পর্ক ও তাওহিদের ধারাবাহিকতা।
রেফারেন্স যাচাই: সহিহ বুখারি ৪৯৭১, ইবনে কাসির, তাবারি, সা'দী এবং আসরারু তারতিবিল কুরআন।
মন্তব্য
আরও পড়ুন
দারসুল কুরআন: আয়াতুল কুরসী
কুরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত — আল্লাহর একত্ব, চিরঞ্জীবতা, জ্ঞান, ক্ষমতা ও সার্বভৌমত্বের পূর্ণ বর্ণনা।
দারসুল কুরআন: সূরা আত-তাওবা (আয়াত ১১১–১১২)
বিষয়: ইসলামী আন্দোলন তথা বায়আতের গুরুত্ব — আল্লাহ মুমিনদের জান ও মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন; জিহাদ, শহীদের মর্যাদা, বাইয়াত ও বাইয়াতকারী মুমিনের ৮টি গুণ।
MD MAYEEN UDDIN👁 ২সূরা আল-ফাতিহা নোট
সূরা আল-ফাতিহার সাতটি আয়াতের সহজ ব্যাখ্যা — রবের দয়া, প্রতিপালন ও বিচার দিবসের মালিকানা, আর সরল পথের দোয়া; সাথে আয়াতগুলোর ধারাবাহিকতা ও পরের সূরার সাথে সম্পর্ক।
MD MAYEEN UDDIN👁 ১দারসুল কুরআন: সূরা লুকমান, দ্বিতীয় রুকু (আয়াত ১২–১৯)
লুকমান হাকীমের তাঁর পুত্রকে দেওয়া উপদেশ — আকীদা, নামাজ, সৎ কাজের আদেশ, ধৈর্য ও সামাজিক শিষ্টাচার: আয়াত, অনুবাদ, সূরা পরিচিতি, ব্যাখ্যা ও শিক্ষা।
MD MAYEEN UDDIN👁 ১